তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ড. আকবর আলি খান বলেছেন, ভেঞ্চার ক্যাপিটালের মাধ্যমে ব্যবসা-বাণিজ্যে অর্থায়নের সুযোগ বাড়াতে এ সংক্রান্ত বৈজ্ঞানিক গবেষণা প্রয়োজন। বিশ্বের বিভিন্ন দেশে ভেঞ্চার ক্যাপিটালের উন্নয়নের পেছনে তাদের গবেষণা বেশ কাজে দিয়েছে। গতকাল সেন্টার ফর এন্টারপ্রেনিয়ারশিপ ডেভেলপমেন্ট এবং বিডি ভেঞ্চার লিমিটেডের যৌথ উদ্যোগে আয়োজিত ‘বাংলাদেশে উদ্যোক্তা তৈরিতে ভেঞ্চার ক্যাপিটাল’ শীর্ষক এক সেমিনারে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে প্রবন্ধ উপস্থাপন করেন বিডি ভেঞ্চারের ব্যবস্থাপনা পরিচালক শওকত হোসাইন। এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক এবিএম খোরশেদ আলম, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ (এসইসি) কমিশনের সদস্য আরিফ খান, বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর জিয়াউল হাসান সিদ্দিকী এবং এএফ নেসারউদ্দিন এফসিএ।
প্রবন্ধ উপস্থাপনকালে শওকত হোসাইন বলেন, কোন প্রতিষ্ঠানকে ব্যাংক ঋণ পেতে হলে বেশ কিছু শর্ত পালন করতে হয়। তাছাড়া সব সময় ব্যাংক ঋণ পাওয়াও যায় না। এক্ষেত্রে ভেঞ্চার ক্যাপিটাল অর্থায়ন ও ব্যবস্থাপনাগত অংশীদারের মাধ্যমে দেশের ব্যবসা বাণিজ্যকে এগিয়ে নিয়ে যেতে বড় অবদান রাখতে পারে। আরিফ খান তার বক্তব্যে বলেন, ভেঞ্চার ক্যাপিটালের নিয়ন্ত্রণ ও তদারকির জন্য আমাদের দেশে কোনো আইন নেই। উদ্যোক্তা সৃষ্টি ও ব্যবসা বাণিজ্যের প্রসারে ভেঞ্চারের গুরুত্ব বিবেচনায় এ সংক্রান্ত আইন করা প্রয়োজন। তিনি বলেন, দেশে ভেঞ্চার ক্যাপিটাল যদি সফল হতে পারে তবে অনেকেই এদিকে এগিয়ে আসবে। ফলে এর মাধ্যমেও ব্যবসায়ের অর্থায়ন প্রক্রিয়া সহজতর হবে।
