ঘন কুয়াশায় পদ্মা-মেঘনায় যাত্রীসহ অর্ধশত নৌযান আটকা পড়েছে

আপডেট : ১০ ডিসেম্বর ২০১২, ২১:১৯
ঘন কুয়াশার কারণে চাঁদপুরে পদ্মা-মেঘনাসহ দেশের উত্তর ও দক্ষিণাঞ্চলের অর্ধশত নৌযান আটকা পড়েছে। এর মধ্যে যাত্রীবাহী লঞ্চ ছিল ২০টির মতো। এতে কয়েক সহস্রাধিক যাত্রীকে চরম দুর্ভোগ পোহাতে হয়েছে। রবিবার সন্ধ্যা থেকে কুয়াশা পড়ার কারণে ঢাকা থেকে চাঁদপুর হয়ে বরিশাল-খুলনাগামী এবং বরিশাল থেকে ঢাকাগামী যাত্রীবাহী লঞ্চ ও বিভিন্ন পণ্যবাহী নৌযানগুলো নদীর মাঝখানে রাতভর আটকে থাকে। চাঁদপুর পোর্টের জনৈক কর্মকর্তার সাথে কথা হলে তিনি জানান, ঢাকা থেকে সন্ধ্যারাতে ছেড়ে আসা যাত্রীবাহী লঞ্চ এমভি রাঙ্গাবালি, জাহিদ, রফরফ, বড়গুনা, হুলারহাট, এমভি মুলাদিসহ অন্যান্য বেশক’টি লঞ্চ রাত ৩টার দিকে চাঁদপুর ঘাটে এসে পৌঁছার কথা থাকলেও এগুলো পরের দিন বেলা ১১টা থেকে ১টা নাগাদ ঘাটে এসে পৌঁছে। এদিকে, নির্ধারিত সময়ে লঞ্চঘাটে এসে না পৌঁছার কারণে চাঁদপুর ঘাটে আসা কয়েশ’ যাত্রীকে সারারাত প্রচন্ড শীতে দুর্ভোগ পোহাতে হয়েছে।