পীরগঞ্জ জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে আলতাব হোসেন (৪৫) নামে এক ব্যক্তিকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। গত রোববার রাতে দ্বারিয়াপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আলতাব গাইবান্ধা জেলার সাদুল্যাপুর উপজেলার মহেশপুর গ্রামের বদিয়াজ্জামান বদি মন্ডলের পুত্র।
মামলার এজাহার ও নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, পীরগঞ্জে উপজেলার রামনাথপুর ইউনিয়নের দ্বারিয়াপুর গ্রামে শাশুড়ীর জমিজমা নিয়ে আলতাব হোসেনের সাথে মামা শ্বশুরসহ অন্য আত্মীয়ের বিরোধ ছিল। গত শনিবার বাড়ি থেকে জমিজমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তির জন্য সে দ্বারিয়াপুরে আসে। সেখানে শাশুড়ীর জমির অংশীদারিত্ব নিয়ে নাদিম মিয়া, আনারুল মিয়া, কানু মিয়ার সাথে তার বিবাদ হয়। পরদিন সকালে দ্বারিয়াপুর গ্রামের শাহানুর আলমের বাড়ির পার্শ্বে খড়ের গাদা থেকে আলতাবের লাশ উদ্ধার হয়। শাশুড়ীর জমির অংশীদারিত্ব হতে বঞ্চিত করার জন্য আলতাবকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে এজাহারে উল্লেখ করা হয়। ৪ ব্যক্তিকে আসামি করে থানায় মামলা হয়। কেউ গ্রেফতার হয়নি।
