বরুড়ায় গ্রেফতার আতংকে পরীক্ষা দেয়নি শিক্ষার্থীরা

আপডেট : ১০ ডিসেম্বর ২০১২, ২১:২২
কুমিল্লার বরুড়ায় গ্রেফতার আতংকে বার্ষিক পরীক্ষায় অংশ নেয়নি উপজেলার গালিমপুর টিসি হাইস্কুলের অনেক শিক্ষার্থী। অনেক ছাত্রের অভিভাবকও গ্রেফতারের ভয়ে বাড়ি ছাড়া। প্রধান শিক্ষক, স্কুলের ছাত্র ও পুলিশের ওপর হামলাকারী সন্ত্রাসীদের বিরুদ্ধে বরুড়া থানায় দায়েরকৃত পৃথক ২টি মামলার আসামিদের গ্রেফতার করছে না পুলিশ। কিন্তু ওই ২টি মামলার প্রধান আসামি কর্তৃক থানায় মামলা দায়েরের ১২ ঘন্টার মধ্যে পুলিশ ৩ জনকে গ্রেফতার করে রবিবার কোর্টে প্রেরণ করেছে। গতকাল সোমবার ওই স্কুলের প্রধান শিক্ষক মো. ছফিউল্লাহ, স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি মাখন চক্রবর্তী, শিক্ষকসহ প্রায় অর্ধশত অভিভাবক কুমিল্লা নগরীর টমছমব্রীজ এলাকায় সৈয়দ ম্যানশনে সাংবাদিক সম্মেলন করে এমন অভিযোগ করেন। তারা জানান, গত ৪ ডিসেম্বর হরতালের দিনে স্কুলে পরীক্ষা না নেয়াকে কেন্দ্র করে ৫ ডিসেম্বর দ্বিতীয় দফায় ওই স্কুলের অভিভাবক প্রতিনিধি ও স্থানীয় আওয়ামী লীগ কর্মী হাবিবুর রহমান হবির নেতৃত্বে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে শিক্ষক-শিক্ষার্থীদের ওপর সন্ত্রাসী হামলা চালানো হয়। লাঠিপেটা ও কিরিচ দিয়ে আঘাত করে প্রধান শিক্ষকের ডান হাত ও পা ভেঙ্গে দেয়া হয়। এ মামলা দায়ের ও গ্রেফতার ঘটনায় স্কুলের ছাত্র-শিক্ষক ও অভিভাবকদের মধ্যে গ্রেফতার আতংক বিরাজ করছে। অনেক ছাত্র ভয়ে স্কুলের বার্ষিক পরীক্ষায়ও অংশ নেয়নি বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। এ বিষয়ে থানার ওসি জহিরুল ইসলাম জানান, প্রধান শিক্ষকের দায়ের করা মামলার আসামিদের শিগগিরই গ্রেফতার করা হবে। উল্লেখ্য, হরতালের দিন ওই স্থানে পুলিশ আহত হওয়ার ঘটনায় আরো একটি মামলা দায়ের করলেও পুলিশ ওই মামলার কোন আসামিকে গ্রেফতার করতে পারেনি।