পৌষ মাস না আসতেই চলনবিলে ঘন-কুয়াশা ও তীব্র শীতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। গত ২ দিন যাবত্ ঘন-কুয়াশা চলনবিলের মাঠঘাট, গ্রামগঞ্জ আছন্ন করে ফেলেছে। তাপমাত্রা ১৪ ডিগ্রিতে নেমেছে। চলনবিলের মানুষ এখনও পূর্ণমাত্রার শীত শুরু না হওয়ায় নতুন গরম কাপড় ক্রয় করতে পারেনি। গতকাল সোমবার এ রিপোর্ট লেখা পর্যন্ত (দুপুর দেড়টা) চলনবিলের বাঘাবাড়ি থেকে আত্রাই এবং দক্ষিণে হাদল ও পার্শ্বডাঙ্গা থেকে উত্তরে বামিহাল পর্যন্ত ঘন-কুয়াশায় একাকার ছিল। অসময়ে ব্যাপক কুয়াশায় কৃষক সরিষা, ভুট্টা, বোরো ধানের চারা ও অন্যান্য সবজি ক্ষেত নিয়ে আতঙ্কিত হয়ে পড়েছে। এদিকে ঘন-কুয়াশা ও তীব্র শীতে ফসলহানির বিষয়ে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের পরিকল্পনা করেছে কৃষি বিভাগ।
