দুপচাঁচিয়ার লতিফ হত্যার রহস্য উদঘাটিত হয়নি

আপডেট : ১০ ডিসেম্বর ২০১২, ২১:২৫
বগুড়ার দুপচাঁচিয়া থানা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক পৌর প্রশাসক আব্দুল লতিফ হত্যার দুই বছর পেরিয়ে গেলেও কোন কূল-কিনারা হয়নি। হত্যা মামলাটি প্রথমে থানা পুলিশ, পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি) এবং বর্তমানে অপরাধ তদন্ত গোয়েন্দা বিভাগে (সিআইডি) ন্যস্ত হলেও রহস্য উদঘাটন করতে পারেনি কোন সংস্থাই। সঙ্গে জড়িত থাকার সন্দেহে বিভিন্ন সময়ে ৯ জনকে গ্রেফতার দেখানো হলেও তাদের কাছ থেকে কোন তথ্য উদঘাটন হয়নি। তারা সকলেই এখন জামিনে মুক্ত। তবে বর্তমান তদন্তকারী কর্মকর্তা বলছেন, সন্দিগ্ধ কয়েকজন পলাতক আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে। তারা গ্রেফতার হলেই আলোচিত এ হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন সম্ভব। জানা যায়, ২০১০ সালের ১০ ডিসেম্বর রাতে বিএনপি নেতা আব্দুল লতিফ এশার নামাজ শেষে বাড়ি ফেরার পথে দুপচাঁচিয়া থানার পার্শ্বে দুর্বৃত্তদের হাতে নৃশংসভাবে খুন হন। হত্যার একদিন পর নিহত লতিফের স্ত্রী নাহিদা আক্তার বাদী হয়ে থানায় হত্যা মামলা করেন। মামলায় কোন আসামির নাম উল্লেখ না করে রাজনৈতিক দ্বন্দ্ব ও পুকুর দখল নিয়ে বিরোধের ঘটনার কথা উল্লেখ করা হয়।