মাগুরায় বেওয়ারিশ কুকুরের উপদ্রব মারাত্মকভাবে বৃদ্ধি পেয়েছে। কুকুরের কামড়ের পর উপযুক্ত চিকিত্সা না করায় সুজন নামে ১৩ বছরের এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার দুপুরে মাগুরা সদর হাসপাতালে ভর্তির পর তার মৃত্যু হয়। সে সদর উপজেলার গোরানাছ গ্রামের জয়নাল মিয়ার পুত্র। দু’মাস পূর্বে একটি কুকুরে কামড়ানোর পর স্থানীয়ভাবে এক কবিরাজের কাছে চিকিত্সা নেয়, কিন্তু অবস্থার অবনতি হলে রবিবার আশঙ্কাজনক অবস্থায় মাগুরা সদর হাসপাতালে ভর্তির পর তার মৃত্যু হয়। এদিকে বেওয়ারিশ কুকুরের উপদ্রবে মাগুরা শহরে পথচারীদের চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। কুকুররা দল বেঁধে রাস্তার উপর অবস্থান করে এবং যে কোন সময় তারা পথচারীদের উপর হামলা করে। ফলে কুকুরের ভয়ে সকালে ভ্রমণকারীদের মধ্যেও আতঙ্ক দেয়া দিয়েছে।
