সংবাদ সংক্ষেপ

আপডেট : ১০ ডিসেম্বর ২০১২, ২১:২৭
বাউফলে অরিয়েন্টেশন সভা বাউফল সংবাদদাতা \ সোমবার বাউফলের মদরপুরা ইউনিয়ন পরিষদ হলরুমে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচির ওপর অরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মদরপুরা ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা মাস্টার। আদিতমারীতে পরিকল্পনা বিষয়ক সভা আদিতমারী (লালমনিরহাট) সংবাদদাতা \ ওভার নদী ও জীবন প্রকল্প-২-এর আয়োজনে আইরিশ এইড ও কনসার্ন ওয়ার্ল্ড ওয়াইড বাংলাদেশের অর্থায়নে সোমবার লালমনিরহাটের আদিতমারী উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের সাথে মতবিনিময় ও পরিকল্পনাবিষয়ক সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন ইউএনও রেজাউল আলম সরকার। গাইবান্ধায় শ্রমিকের মৃত্যু গাইবান্ধা প্রতিনিধি \ গাইবান্ধার সাদুল্লাপুরে ইটের ভাটায় মাটি চাপা পড়ে সোমবার বাজিতউল্যা (৪০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত বাজিত সাদুল্লাপুর উপজেলার ইদিলপুর ইউনিয়নের চক ভগবানপুর গ্রামের ইছাহাক আলীর ছেলে। ব্রাহ্মণবাড়িয়ায় ওষুধ ব্যবসায়ীদের ধর্মঘট ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি \ বাংলাদেশ কেমিস্টস এন্ড ড্রাগিস্টস সমিতির ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ড্রাগ লাইসেন্স ফি অস্বাভাবিক বৃদ্ধির প্রতিবাদে ১২ ডিসেম্বর জেলার ওষুধ ব্যবসায়ীরা অর্ধদিবস ধর্মঘট পালনের ঘোষণা দিয়েছে। সোমবার ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে জেলা কেমিস্টস এন্ড ড্রাগিস্টস সমিতির সভাপতি মো.জহিরুল হক জানান, ড্রাগ লাইসেন্স ফি অস্বাভাবিক বৃদ্ধি পেয়েছে। ডিমলায় শীতবস্ত্র বিতরণ ডিমলা (নীলফামারী) সংবাদদাতা \ নীলফামারীর ডিমলায় সোমবার তিস্তার পাড়ে হতদরিদ্রদের মাঝে কম্বল বিতরণ করা হয়। পূর্ব ছাতনাই ইউনিয়নের তিস্তার দুর্গম চর ছাতনাই গ্রামে পিপলস্ ওরিয়েন্টেড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন পপির আয়োজনে চর জীবিকায়ন কর্মসূচির সহযোগিতায় ৭০১ জনকে একটি করে কম্বল বিতরণ করা হয়। সেনবাগে বিএনপির বিক্ষোভ মিছিল সেনবাগ সংবাদদাতা \ অবরোধ কর্মসূচি পালনকালে বিরোধীদলীয় কয়েক কর্মীকে হত্যার প্রতিবাদে ও নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা দাবিতে মঙ্গলবার বিএনপি ও ১৮ দলীয় জোটের ডাকা সকাল-সন্ধ্যা হরতাল সমর্থনে নোয়াখালীর সেনবাগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা বিএনপির নেতাকর্মীরা। হোসেনপুরে নারী নির্যাতন মামলায় গ্রেফতার হোসেনপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা \ হোসেনপুর থানা পুলিশ গতকাল রবিবার নারী নির্যাতন মামলায় ওয়েলডিং শ্রমিক মো. ইসহাককে (২২) গ্রেফতার করেছে। হোসেনপুর উপজেলার পশ্চিম দ্বীপেশ্বর গ্রামের এক বয়স্ক হিন্দু বিধবাকে ধর্ষণের অভিযোগে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ওয়েলডিং শ্রমিক উপজেলার উত্তর কুড়িমারা গ্রামের আবুল হোসেনের পুত্র। ফরিদগঞ্জে আগুনে পুড়ে যুবকের মৃত্যু ফরিদগঞ্জ (চাঁদপুর) সংবাদদাতা \ উপজেলার কেরোয়া গ্রামের ফখরুল আলম জুয়েল (৩০) নামের এক যুবক নিজ গায়ে কেরোসিন ঢেলে আগুন দিয়ে পুড়ে মারা যাওয়ার ঘটনা ঘটে। শনিবার রাতে শ্বশুরালয়ে নিজ গায়ে কেরোসিন ঢেলে আগুন দিলে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা সদর ও পরে ঢাকা মেডিক্যালে নিয়ে যায়। চিকিত্সাধীন অবস্থায় রবিবার রাতে সে মারা যায়। জগন্নাথপুরে সেলাই মেশিন বিতরণ জগন্নাথপুর (সুনামগঞ্জ) সংবাদদাতা \ মহিলাবিষয়ক অধিদপ্তর জগন্নাথপুর উপজেলা অফিসের উদ্যোগে উপজেলার অসহায় প্রশিক্ষিত নারীদের মধ্যে সরকারিভাবে বরাদ্দকৃত সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। রবিবার আব্দুস সামাদ আজাদ অডিটোরিয়ামে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রশিক্ষিত নারীদের হাতে সেলাই মেশিন তুলে দেন সংসদ সদস্য এম এ মান্নান। আড়াইহাজারে নারীর ক্ষমতায়ন বিষয়ে আলোচনা গোপালদীবাজার (নারায়ণগঞ্জ) সংবাদদাতা \ আড়াইহাজারে রোকেয়া দিবস উপলক্ষে উপজেলা মহিলা অধিদপ্তরের উদ্যোগে সোমবার বাল্যবিবাহ ও নারীর ক্ষমতায়নে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ জালালউদ্দীনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম বাবু। উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শাহজালাল মিয়া, মহিলা বিষয়ক কর্মকর্তা মানসী পাল, যুব উন্নয়ন কর্মকর্তা কাজী বন্যা আহমেদ, সমবায় কর্মকর্তা নাজমুল হক ও আড়াইহাজার থানা প্রেসক্লাব সভাপতি মাসুম বিল্লাহ প্রমুখ। একজন কর্মকর্তা দিয়ে চলছে ৮ জেলা মাদারীপুর প্রতিনিধি \ দেশের দক্ষিণাঞ্চলের পাট অধিদপ্তরের ৮টি জেলায় কাজ করছেন একজন পরিদর্শক। একজন কর্মকর্তাকেই দেখভাল করতে হচ্ছে বরিশাল বিভাগের ৬টি ও বৃহত্তর ফরিদপুরের ২টি জেলা। স্থানীয় পাট ব্যবসায়ী ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বরিশাল বিভাগের পিরোজপুর, ঝালকাঠি, বরিশাল সদর, ভোলা ও বরগুনা জেলায় পাট অধিদপ্তরে কোন কর্মকর্তা নেই। এদিকে বৃহত্তর ফরিদপুরের শরিয়তপুর ও গোপালগঞ্জ জেলায় বর্তমানে পাট অধিদপ্তরের কোন কর্মকর্তা নেই। কর্মকর্তা না থাকায় দুর্ভোগ পোহাতে হচ্ছে সংশ্লিষ্টদের। বর্তমানে মাদারীপুর জেলার একজন পাট পরিদর্শক উল্লিখিত ৮টি জেলার কর্মকান্ড পরিদর্শন করছেন।