চেলসির অন্তর্বর্তীকালীন কোচ রাফায়েল বেনিতেজ জাপানে শুরু হওয়া ক্লাব বিশ্বকাপকে মোটেও চাপ হিসেবে দেখছেন না। ইংলিশ প্রিমিয়ার লিগের দলটি এই প্রতিযোগিতার সেমিফাইনালে বৃহস্পতিবার মেক্সিকোর মন্টেরির বিরুদ্ধে খেলবে। দলটি গতকাল সোমবার জাপানের ইয়োকোহামায় গিয়ে পৌঁছায়।
বেনিতেজ সেখানে সংবাদ মাধ্যমকে জানান ক্লাব বিশ্বকাপ জয়ের বিষয়টিকে তিনি বেশ হালকাভাবেই নিচ্ছেন! যদিও চ্যাম্পিয়ন্স লিগের শিরোপাধারী হয়েও সমপ্রতি দলটি প্রতিযোগিতার গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে বাধ্য হয়।
লিভারপুলের ম্যানেজার হিসেবে ২০০৫ সালে জাপানে অনুষ্ঠিত ক্লাব বিশ্বকাপে রানার্সআপ হওয়া বেনিতেজ জানান তিনি কোন ধরনের ভয় পাচ্ছেন না। যদিও জাপানে ব্যর্থ হলে চেলসির দায়িত্ব হারাতে পারেন তিনি। বেনিতেজ অবশ্য আশা করছেন ফাইনালে দক্ষিণ আমেরিকার চ্যাম্পিয়ন করিন্থিয়ান্স বা মিশরের আল আহলির সাথে ১৬ ডিসেম্বর মুখোমুখি হবে তার দল।
এ প্রসঙ্গে তিনি বলেন, ‘এটা বড় প্রতিযোগিতা। সবাই আমাদের মত একটাই ধারণা নিয়েই এসেছে, সেটা হলো ট্রফি জয়। এটা কোন ব্যাপার নয় যে আমরা চ্যাম্পিয়ন্স লিগে আছি না নেই।’ আবুধাবিতে ২০১০ সালে ইন্টারমিলানের কোচ থাকাকালীন ক্লাব বিশ্বকাপ
জেতা বেনিতেজ আরো বলেন, ‘এটা একটা ভালো সুযোগ। আমরা এখানে এসেছি জয়ের জন্য এবং আমরা ভালো খেলছি।’
গত শনিবার ইংলিশ প্রিমিয়ার লিগে চেলসি ৩-১ গোলে সান্দারল্যান্ডকে হারায়। স্ট্রাইকার ফার্নান্দো তোরেস দুটি গোল করেন। এর আগে চ্যাম্পিয়ন্স লিগ ফুটবলে তারা গ্রুপ পর্বের শেষ ম্যাচে নরশেলানকে ৬-১ গোলে উড়িয়ে দেয়। দুই ম্যাচে তোরেসের চার গোল। বেনিতেজ খেলোয়াড়দের সাম্প্রতিক পারফরমেন্সে সন্তুষ্টি প্রকাশ করেন।
