ফ্যালকাওয়ের পাঁচ গোল

আপডেট : ১০ ডিসেম্বর ২০১২, ২১:৪৬
স্ট্রাইকার রাদামেল ফ্যালকাওয়ের পাঁচ গোলে গত রবিবার অ্যাতলেটিকো মাদ্রিদ লা লিগায় ডিপোর্টিভো লা করুনাকে ৬-০ গোলে হারায়। কলম্বিয়ান স্ট্রাইকার ফ্যালকাও এ নিয়ে লা লিগায় ১৫ ম্যাচে ১৬টি গোল করলেন। লা লিগায় সর্বাধিক ২৩ গোল করে শীর্ষে আছেন বার্সেলোনার লিওনেল মেসি। বর্তমানে ২৬ বছর বয়সী ফ্যালকাও ২০০২ সালের পর প্রথম খেলোয়াড় যিনি লা লিগায় এক ম্যাচে পাঁচ গোল করলেন। ২০০২ সালের ফেব্রুয়ারিতে লাস পালমাসের বিপক্ষে রিয়াল মাদ্রিদের ফার্নান্দো মরিয়েন্টেস পাঁচ গোল করেছিলেন। বার্সেলোনা এ রাউন্ডে মেসির জোড়া গোলে ২-১ ব্যবধানে হারায় রিয়াল বেটিসকে। মেসি এ নিয়ে চলতি পঞ্জিকাবর্ষে ৮৬টি গোল করে জার্মান কিংবদন্তি জার্ড মুলারকে (৮৪ গোল) পেছনে ফেললেন। ১৯৭২ সালে পশ্চিম জার্মানি ও বায়ার্ন মিউনিখের হয়ে ৮৪ গোল করেছিলেন মুলার। মেসি বার্সেলোনা ও আর্জেন্টিনার হয়ে ৮৬ গোল করলেন। লা লিগার পয়েন্ট টেবিলে বার্সেলোনা ১৫ রাউন্ডের খেলা শেষে ৪৩ পয়েন্ট নিয়ে এক নম্বরে আছে। অ্যাতলেটিকো মাদ্রিদ ৩৭ পয়েন্ট নিয়ে দুইয়ে। ৩২ পয়েন্ট নিয়ে তিন নম্বরে আছে বর্তমান লিগ চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। লিগে বার্সেলোনার ১৪টি এবং অ্যাতলেটিকোর রয়েছে ১২টি জয়। রিয়াল এখনো বার্সেলোনা থেকে ১১ পয়েন্ট দূরত্বে অবস্থান করছে।