চরমপন্থিদের বিরুদ্ধে হুঁশিয়ারি পাকিস্তানের প্রধানমন্ত্রীর

আপডেট : ১০ ডিসেম্বর ২০১২, ২২:৪০
জনগণের ওপর চরমপন্থিদের এজেন্ডা চাপাতে দেয়া হবে না বলে হুঁশিয়ার করে দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী রাজা পারভেজ আশরাফ। সরকার দেশের জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করবে বলে জানান তিনি। খবর ডন-এর। গতকাল সোমবার ইসলামাবাদে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে এক অনুষ্ঠানে এ মন্তব্য করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী রাজা পারভেজ আশরাফ। তিনি বলেন, গণতন্ত্র ও শান্তি একে অপরের জন্য আবশ্যকীয়। গণতন্ত্রকে স্থিতিশীল ও জনগণের অধিকার রক্ষা করতে সরকারের প্রচেষ্টার পাশে জনগণের দাঁড়ানো উচিত। পাকিস্তানের প্রধানমন্ত্রী জনগণের অধিকার রক্ষার জন্য সরকারের নেয়া পদক্ষেপগুলো তুলে ধরেন। তিনি বলেন, সমাজের প্রত্যেক অংশের অধিকার নিশ্চিত করা হয়েছে সংবিধানে এবং আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের দায়বদ্ধতা সম্পর্কে সচেতন রয়েছে সরকার। এদিকে বিবিসি জানায়, পাকিস্তানের উপজাতি অধ্যুষিত উত্তর ওয়াজিরিস্তানে সীমান্তবর্তী বান্নু শহরের একটি থানায় গতকাল সোমবার জঙ্গি হামলায় কমপক্ষে আটজন নিহত হয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে কর্মকর্তারা জানান, কীভাবে এ হামলার ঘটনা ঘটেছে, তা জানা যায়নি। পাকিস্তানি তালেবান এ হামলার দায়িত্ব স্বীকার করেছে। নিহতদের মধ্যে তিনজন পুলিশ ও দুজন হামলাকারী। বাকি তিনজন থানার পাশে একটি মসজিদের মুসল্লি। জঙ্গিরা থানায় ঢুকে গ্রেনেড হামলা চালায়। এ সময় সেখানে বন্দুকযুদ্ধও হয়। তালেবান জানায়, তাদের সাবেক প্রধান বায়তুল্লাহ মেহসুদের এক আত্মীয়ের হত্যার প্রতিশোধ নিতে এ হামলা চালানো হয়েছে।