সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যাকাণ্ডসহ সকল সাংবাদিক হত্যকাণ্ডের সুষ্ঠু বিচারের দাবিতে আগামী ২৩ ডিসেম্বর গণ অনশন কর্মসূচি ঘোষণা করেছেন সাংবাদিক নেতারা। গতকাল সোমবার জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে), ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে), জাতীয় প্রেস ক্লাব ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) যৌথ উদ্যোগে আয়োজিত এক মানববন্ধন থেকে এ কর্মসূচি ঘোষণা করা হয়। সাংবাদিক নেতারা বলেছেন, সাগর-রুনির হত্যাকাণ্ড নিয়ে সরকার আরেকটি জজমিয়া নাটক সাজাতে চাইছে; কিন্তু সরকারকে এই সুযোগ দেয়া হবে না। প্রকৃত খুনিদের খুঁজে বের করা না হলে সাংবাদিক সমাজ দুর্বার আন্দোলন গড়ে তুলবে।
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ইকবাল সোবহান চৌধুরী বলেন, কে এমন শক্তিশালী যে সাংবাদিকদের ঐক্যবদ্ধ আন্দোলন ও জনগণের দাবি সত্ত্বেও এতো দিনেও হত্যাকারীকে গ্রেফতার করা সম্ভব হচ্ছে না। সাংবাদিক সমাজ এটা জানতে চায়।
মানববন্ধনে আরো বক্তব্য রাখেন রুহুল আমিন গাজী, শওকত মাহমুদ, ওমর ফারুক, আব্দুল জলিল ভুঁইয়া, আবদুস শহীদ, কামাল উদ্দিন সবুজ, শাহেদ চৌধুরী, শাবান মাহমুদ প্রমুখ।
