দুদকের দায়ের করা দুর্নীতির মামলায় সাবেক রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের তত্কালীন এপিএস ওমর ফারুক তালুকদারকে কারাগারে পাঠিয়েছে আদালত। গতকাল সোমবার জামিন আবেদনের উপর শুনানি শেষে অবকাশকালীন মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. হেলাল উদ্দিন ওমর ফারুকের জামিন না মঞ্জুর করে তাকে কারাগারে
পাঠানোর নির্দেশ দেন।
গত ২৭ নভেম্বর ফারুক মহানগর দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে মহানগর দায়রা জজ জহুরুল হক মামলার নথি না থাকায় গতকাল শুনানির দিন ধার্য করেছিলেন।
উল্লেখ্য, জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় ওমর ফারুকের বিরুদ্ধে গত ২২ নভেম্বর আদালতে চার্জশিট দাখিল করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মামলায় অভিযোগ, ওমর ফারুক দুদকের কাছে দেয়া সম্পদ বিবরণীতে মিথ্যা তথ্য দিয়েছেন। ১ কোটি ৪২ লাখ ৭৩ হাজার ১৮০ টাকা অবৈধভাবে উপার্জন করেছেন। এছাড়া ৩ লাখ ৪ হাজার ৯০০ টাকার তথ্য গোপন করেছেন। ওমর ফারুকের বিরুদ্ধে গত ১৪ আগস্ট রাজধানীর রমনা থানায় মামলা করেন দুদকের সহকারী পরিচালক এস এম রাশেদুর রেজা। এ মামলায় গত ১০ অক্টোবর ওমর ফারুক উচ্চ আদালত থেকে ৮ সপ্তাহের জামিনে ছিলেন। গত ২৭ নভেম্বর তার জামিনের মেয়াদ শেষ হয়।
