বাংলাদেশের জন্মকথা ছোটদের জন্য রচিত একখানা মুক্তিযুদ্ধের ইতিহাস গ্রন্থ। এই গ্রন্থটি লিখেছেন খ্যাতনামা সাহিত্যিক তুষার কণা খোন্দকার।
ছোটদের জন্য গত একচল্লিশ বছর ধরে মুক্তিযুদ্ধের অনেক বই লেখা হয়েছে। আবার পঁচাত্তর পরবর্তী সময়ে মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস বিকৃত করে কোমলমতি শিশুদের বিভ্রান্ত করা হয়েছে। আলোচ্য গ্রন্থটি এই ইতিহাস বিকৃতি ও বিভ্রান্ত দূর করার লক্ষ্যে গ্রন্থকার বইটি লিখেছেন।
গ্রন্থটির শুরু গোড়ার কথা শীর্ষক বক্তব্য দিয়ে। এরপর তিনি বর্ণনা করেছেন বণিকের বেশে সাদা চামড়ার লুটেরা, স্বাধীনতা যুদ্ধের শুভ সূচনা, কোম্পানির বদলে র্যালি, সংগ্রামের আয়োজন, জিন্নাহর দ্বি-জাতিতত্ত্ব ও বাঙালির পরিণতি, রাষ্ট্রভাষা বাঙলা চাই, জনতার রুদ্ররোষ, সচেতন ছাত্রসমাজ, বর্বরতার প্রস্তুতি, ইতিহাসের ভয়াল রাত, চূড়ান্ত প্রতিরোধের প্রস্তুতি, ইসলাম রক্ষার নামে গণহত্যা, বিপদের বন্ধু, বিশ্বমানবের মুক্তির কাফেলা, সোভিয়েত ইউনিয়ন এবং হানাদারদের দোসর চীন-মার্কিন কুচক্র। গ্রন্থটির শেষের দিকে রয়েছে মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের সেকটরসমূহের চিহ্নিত সীমানার মানচিত্র ও যৌথবাহিনীর কাছে পাকবাহিনীর আত্মসমর্পণের ছবি। গ্রন্থটিতে মুক্তিযুদ্ধের ঘটনা সংক্ষিপ্তাকারে বলা হলেও সঠিক ইতিহাসই তুলে ধরা হয়েছে। আটাশির আগে এমন বই কমই লেখা হয়েছে। বইটির মুদ্রণ পরিপাট্য শোভিত নয়। বইটির ভেতরে মুক্তিযুদ্ধ বিষয়ক ছবি থাকলে আকর্ষণীয় হতো।
বাংলাদেশের জন্মকথার প্রচ্ছদপট এঁকেছেন এ এফ এম সাইদুর রহমান। প্রকাশিত হয়েছে ৩৪ বাংলাবাজারের কালিকলম প্রকাশনী থেকে। মূল্য মাত্র পঁচিশ টাকা।
দুর্দিনের সময়ে প্রকাশিত বাংলাদেশের জন্মকথার চাহিদা কখনো ফুরোবে না। মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানার জন্য এই বইটি সকলের কাছে সমাদৃত হবে।
খালেক বিন জয়েনউদদীন
