বৃহত্তম অনলাইন মার্কেটপ্লেস ওডেস্ক-এর প্রোগ্রামিং প্রফেশনাল সার্টিফিকেট পরীক্ষায় প্রথম হয়েছেন বাংলাদেশের আবু কাহাব মোহাম্মদ নাহিদ হোসেন। পিএইচপি প্রোগ্রামিংয়ে ব্যক্তি উদ্যোগে দেশে থেকেই এমন সাফল্য পাওয়ার ঘটনা এটাই প্রথম। ওডেস্ক সূত্রে জানা গেছে, বিভিন্ন দেশ থেকে এ পর্যন্ত এই প্রফেশনাল পরীক্ষার জন্য মনোনীত হন ৪৯৮ জন। এদের মধ্যে পরীক্ষায় অংশ নিয়েছেন ৪৭৮ জন। শেষ খবর পর্যন্ত উত্তীর্ণ হয়েছেন ২৮১ জন। পরীক্ষায় মোট ৫ পয়েন্টের মধ্যে সর্বোচ্চ ৪.৯ পয়েন্ট পেয়েছেন বাংলাদেশের নাহিদ হোসেন। মাত্র ২০ মিনিটেই তিনি সমাধান করেছেন পরীক্ষায় উপস্থাপিত ১০টি সমস্যা। ফলে মুক্তপেশাজীবিদের এই প্ল্যাটফর্মে সমস্যা সমাধানের জন্য প্রতি ঘণ্টার জন্য নাহিদ হোসেনের সম্মানী উন্নীত হয়েছে ২২.২২ ডলার বা এক হাজার ৮০৮ টাকায়। সূত্র মতে, দক্ষিণ এশিয়া থেকে উত্তীর্ণ ৪১ জনের মধ্যে বাংলাদেশের রয়েছেন ১০ জন। এদের মধ্যে শীর্ষ দশে স্থান পেয়েছেন বাংলাদেশের ৫ জন। এরা হচ্ছেন জোবায়দুর রহমান, শেখ এস ডট, খোকনুজ্জামান, আতিকুর রহমান ও নাহিদ হোসেন। সাম্প্রতিক সময়ে ওডেস্কসহ অন্যান্য প্ল্যাটফর্মে বাংলাদেশের প্রাধান্যের আরেকটি স্বীকৃতি এই ফলাফল।
