নটর ডেম ডিবেটিং ক্লাব আয়োজিত বির্তক প্রতিযোগিতা চলছে

আপডেট : ১১ ডিসেম্বর ২০১২, ১৯:১৭
নটর ডেম কলেজ প্রাঙ্গনে ৫ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হচ্ছে নটর ডেম ডিবেটিং ক্লাব আয়োজিত প্রাইম ব্যাংক-এন.ডি.ডি.সি. ২৪তম জাতীয় বির্তক প্রতিযোগিতা ২০১২। নটর ডেম ডিবেটিং ক্লাব ১৯৮৪ সাল থেকে কৃতিত্বের সাথে এ ধরনের বির্তক প্রতিযোগিতার আয়োজন করে আসছে। শুধু নটর ডেম কলেজ নয়, সমগ্র বাংলাদেশের বির্তক অঙ্গনের অত্যন্ত মর্যাদাপূর্ণ এ প্রতিযোগিতায় সারা দেশ থেকে অসংখ্য বিতার্কিক প্রতি বছর অংশ নিয়ে থাকে। বিগত ৫ ডিসেম্বর প্রতিযোগিতামূলক উত্সবের পর্দা উন্মোচিত হয়। জাতীয় সঙ্গীতের সুরমূর্ছনায় জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে এ অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন প্রাইম ব্যাংকের সহকারি ব্যবস্থাপনা পরিচালক আহমেদ কামাল খান চৌধুরী। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন নটর ডেম কলেজের অধ্যক্ষ ফাদার বেঞ্জামিন কস্তা সি.এস.সি.। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নটর ডেম ডিবেটিং ক্লাবের প্রতিষ্ঠাতা ফাদার আর ডব্লিউ টিম। মঞ্চে অতিথিবৃন্দ হিসেবে আরো উপস্থিত ছিলেন নটর ডেম ডিবেটিং ক্লাবের মডারেটর ফাদার আদম এস পেরেরা, কো-মডারেটর মি. কমল গমেজ এবং নটর ডেম কলেজের উপাধ্যক্ষ ফাদার বকুল এস রোজারিও সিএসসি। অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য প্রদান করেন নটর ডেম ডিবেটিং ক্লাবের সভাপতি (প্রশাসন) ইথার আদিব রহমান। সারা দেশ থেকে ১৫০ টি শিক্ষা প্রতিষ্ঠান এ প্রতিযোগিতায় বির্তক যুদ্ধে লিপ্ত হচ্ছে। এছাড়াও ৫০ টি শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী দেয়ালিকা প্রতিযোগিতায় অংশ নিচ্ছে। অনুষ্ঠানের প্রিন্ট মিডিয়া পার্টনার দৈনিক ইত্তেফাক।