প্রিয়জনের কাছে নিজের যোগ্যতার বাহাদুরি করতে গিয়ে এখন আর কেউ আকাশের চাঁদ এনে দেওয়ার কথা বলেন কি না কে জানে। তবে বিপুল পরিমাণ সম্পত্তি থাকলে এখন কিন্তু সত্যি সত্যিই প্রিয়জনকে নিয়ে চাঁদে ঘুরে আসা সম্ভব। কিংবা চাইলে নিজের মনের মতো কোনো গবেষণা বা কৌতূহল মেটাতেও পা দেওয়া সম্ভব চাঁদের মাটিতে। আর এমনই একটি সুযোগ এবার করে দিয়েছে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর মহাকাশ গবেষণা সংস্থা নাসার সাবেক কর্মচারীদের গড়া একটি সংগঠন। এই সংগঠনটির পক্ষ থেকে সম্প্রতি এক আনুষ্ঠানিক ঘোষণায় জানানো হয়েছে যে, ভ্রমণের জন্য ১৫০ কোটি মার্কিন ডলার বা বাংলাদেশি টাকায় প্রায় সাড়ে ১২ হাজার টাকা খরচ করতে আগ্রহী সর্বোচ্চ দুজনকে চাঁদে যাওয়ার সুযোগ করে দেওয়া হবে গোল্ডেন স্পাইক নামের এ প্রতিষ্ঠানের পক্ষ থেকে। আর স্বপ্নের মতো এই ভ্রমণের স্থায়িত্ব হবে সর্বোচ্চ দুই দিন। চাঁদের বুকে ভ্রমণের এই টিকেট বিক্রির কথা জানানোর পাশাপাশি আজতক মানুষকে চাঁদে পৌঁছে দেওয়ার সকল কৃতিত্বের দাবিদারও যে নাসা সেটিও মনে করিয়ে দেওয়া হয়েছে এই ঘোষণায়। চাঁদের বুকে প্রথম মানব অবতরণের সাফল্য থেকে শুরু করে যত মানব অভিযাত্রী চাঁদে পা দিয়েছেন তার সবগুলো মিশনের সাথেই ওতোপ্রোতভাবে জড়িয়ে ছিল নাসা। যদিও নাসার সর্বশেষ যে অ্যাপোলো মিশন পরিচালিত হয়েছিল সেটিও শেষ হয়েছিল আজ থেকে প্রায় ৪০ বছর আগে। আর এ কারণে নতুন করে আবারও চাঁদে মানুষ পাঠানোর উদ্যোগ নেয় সংস্থাটি। তবে আমেরিকার রাষ্ট্রীয় পর্যায়ের সর্বোচ্চ নীতি-নির্ধারকেরা সরকারি অর্থ ব্যয়ে চাঁদে আর কোনো মানুষ পাঠানোর সম্ভাবনা নাকচ করে দিলে বিকল্প খুঁজতে থাকে সংস্থাটি। আর এই বিকল্প খোঁজার অংশ হিসেবেই সম্প্রতি নাসার সাবেক কর্মীদের সংগঠনের পক্ষ থেকে চাঁদে ভ্রমণের এই টিকেট ছাড়ার ঘোষণা এলো।
