বিষণ্নতার চিকিত্সায় ব্যবহূত ওষুধ সেবনের পরও যাদের সমস্যা দূর হচ্ছে না ‘কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি’র (সিবিটি) মাধ্যমে তাদের সমস্যা দূর হতে পারে বলে জানিয়েছেন গবেষকরা। কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি (সিবিটি) মনোরোগ চিকিত্সায় ব্যবহূত কাউন্সেলিংয়ের একটি বিশেষ পদ্ধতি। এতে রোগীর নিজের কথা বলার মাধ্যমে নিজের সম্পর্কে চিন্তা-ভাবনা ও আচরণ পরিবর্তনে উদ্বুদ্ধ করা হয়। অন্যান্য চিকিত্সায় ব্যবহূত ওষুধ সেবনের পাশাপাশি সিবিটি চিকিত্সার অধীনে থাকলে অধিকাংশ ক্ষেত্রে বিষণ্নতার সমস্যা দূর হয় বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। সাড়ে চার শতাধিক বিষণ্নতার রোগীর চিকিত্সা প্রক্রিয়া একবছর ধরে পর্যবেক্ষণ করে বিশেষজ্ঞরা এ তথ্য দেন বলে জানায় বিবিসি। স্বাস্থ্যবিষয়ক ‘ল্যানসেট’ জার্নালে প্রকাশিত গবেষণা প্রতিবেদনটিতে বলা হয়, বিষণ্নতায় ভোগা দুই তৃতীয়াংশ রোগী অ্যান্টি-ডিপ্রেস্যান্ট ওষুধগুলোতে কোনো উপকার পান না। গবেষণায় অ্যান্টি-ডিপ্রেস্যান্ট সেবন করেও উপকার না পাওয়া ৪৬৯ জন রোগীকে অন্তর্ভুক্ত করা হয়। এদের দু’দলে ভাগ করে পরবর্তী একবছর ধরে এক দলকে শুধু ওষুধের মাধ্যমে চিকিত্সা দেয়া হয়। অপর দলকে ওষুধের পাশাপাশি সিবিটি চিকিত্সাও দেয়া হয়। একবছর পর ওষুধের পাশাপাশি সিবিটি চিকিত্সা গ্রহণকারী ২৩৪ জনের মধ্যে ৪৬ শতাংশের বিষণ্নতার লক্ষণ অন্ততপক্ষে ৫০ শতাংশ কমে যেতে দেখা যায়। অন্য দলটিতে মাত্র ২২ শতাংশের মধ্যে এ হারে বিষণ্নতা কমে। প্রতিবেদনে বলা হয়, সিবিটির মাধ্যমে বিষণ্নতার লক্ষণ কমার পাশাপাশি রোগীর জীবনযাপন পদ্ধতিতেও উন্নতি লক্ষ্য করা গেছে। একবছর সময়ের মধ্যে এটি অব্যাহত ছিলো।
