২০১৪ বিশ্বকাপ সামনে রেখে বাংলাদেশের প্রস্তুতি, বিভিন্ন ভেন্যুর অবস্থা, যোগাযোগ, আবাসন, অবকাঠামো দেখার নিয়মমাফিক পর্যবেক্ষণে আইসিসির একটি প্রতিনিধি দল এখন বাংলাদেশে। ইতিমধ্যে এই পর্যবেক্ষণের অংশ নিবে বিকেএসপির দুটি ভেন্যু, মিরপুর, ফতুল্লা ঘুরে দলটি গতকাল পরিদর্শন করেছে সিলেট বিভাগীয় ক্রিকেট স্টেডিয়াম। এই পরিদর্শন দলে আছেন আইসিসি’র ইভেন্ট ডিরেক্টর ট্রিম ট্রেটলী ও ধীরাজ মালহোত্রা। এই সময় তাদের সাথে ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক মাহবুব আনাম, ডা. আইএইচ মল্লিক ও লোকমান হোসেন।
সিলেটের পরিদর্শন প্রসঙ্গে ডা. মল্লিক বললেন, ‘এটা একেবারেই রেগুলেশন পর্যবেক্ষণের অংশ ছিল। ওনারা আগেও একবার ভেন্যুগুলো ও তার আবাসন, যোগাযোগ, অবকাঠামো দেখে গেছেন। এবার অগ্রগতি দেখতে এসেছেন।’
বিসিবি সূত্রে জানা গেছে, এই সফরে তারা চট্টগ্রাম ও কক্সবাজারও পরিদর্শন করবেন। সরকার ও ক্রিকেট বোর্ডের ইচ্ছা, একই সময়ের মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপের খেলা পর্যটন নগরী কক্সবাজারে আয়োজন করা। যদিও কক্সবাজারে এখনও ক্রিকেট স্টেডিয়াম তৈরি হয়নি। তবে পূর্ণাঙ্গ না হলেও টি-টোয়েন্টির খেলা চালানোর মতো একটি স্টেডিয়াম বিশ্বকাপের আগে তৈরি করে ফেলার ব্যাপারে বিসিবি আশাবাদী।
এ ভেন্যুগুলো ছাড়াও প্রাথমিক বিচেনায় খুলনা, রাজশাহীও আছে। আইসিসির পরবর্তী দল সে দুই ভেন্যু দেখবে বলে জানা গেছে। আর ভেন্যু চূড়ান্ত হবে আইসিসি ও বিসিবির যৌথ বৈঠকে।
