নেত্রকোনা-পূর্বধলা সড়কটি সংস্কার না হওয়ায় জনগণের দুর্ভোগের শেষ নেই। মাত্র ১৫ কিলোমিটার সড়কের হাল অবস্থা এখন এমন পর্যায়ে পৌঁছেছে যে, যানবাহন তো দূরের কথা হেঁটে চলাও দুঃসাধ্য। সড়ক ও জনপথ বিভাগের এই সড়কটি সংস্কারের জন্য কর্তৃপক্ষের কোন মাথা ব্যথা নেই। এই সড়কে প্রতিদিন দুর্ঘটনা ঘটছে। সর্বশেষ জানা গেছে যে, ঠিকাদার কর্তৃক যথাসময়ে কাজ শুরু না করায় জুন মাসের ৩০ তারিখ এই সড়ক সংস্কার কাজের কার্যাদেশ বাতিল করা হয়েছে। এই প্রক্রিয়ায় জনগণের দুর্ভোগ আরো বেড়ে গেলো।
গত বছর এই সড়কের জন্য টেন্ডার এবং কাজ করার জন্য ঠিকাদারকে নির্দেশ দিলেও ঠিকার সড়ক সংস্কারের কাজ শুরু করেননি। তার চরম গাফিলতির কারনে কাজ শুরু না করায় জুন মাসে এই টেন্ডার বাতিল করে দেয়া হয়। এ কারণে নেত্রকোনার ৫/৭টি উপজেলার লোকজন এখন দুর্ভোগের মধ্যে পড়েছেন। এখন আবার নতুন করে টেন্ডার দিয়ে সড়কের কাজ করতে হবে। এতে করে আরো ২/১ বছর লাগবে বলে জানা গেছে। স্থানীয় সংসদ সদস্য ওয়ারেসাত হোসেন বেলাল বীরপ্রতিক সড়কটি সংস্কারের কাজ শুরুর জন্য সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী এবং ঠিকাদারকে বললেও কোন কাজ হয়নি। সংসদ সদস্য ওয়ারেসাত হোসেন বেলাল বীরপ্রতিকের সঙ্গে মঙ্গলবার সড়কের বিষয়ে কথা বললে তিনি জানান যে, সড়কটির নির্মাণ কাজ দ্রুত শুরুর জন্য যোগাযোগ মন্ত্রীসহ মন্ত্রণালয়ে যোগাযোগ করছেন।
