নাগরপুর-মির্জাপুর সড়ক উদ্বোধনে জনসমাবেশ

আপডেট : ১১ ডিসেম্বর ২০১২, ২১:২৫
অবশেষে কড়া পুলিশ নিরাপত্তায় জনসমাবেশ করলেন টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের এমপি খন্দকার আব্দুল বাতেন। তবে এ অনুষ্ঠানে হাফ-ডজন আওয়ামী লীগ দলীয় এমপি উপস্থিত থাকার কথা থাকলেও শুধু টাঙ্গাইল মির্জাপুর আসনের এমপি আলহাজ্ব একাব্বর হোসেন ছাড়া বাকি ৫ এমপি ছিলেন অনুপস্থিত। টাঙ্গাইলের নাগরপুর উপজেলার নাগরপুর-মির্জাপুর সড়কের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে মামুদনগর উচ্চবিদ্যালয় মাঠে এ সমাবেশের আয়োজন করা হয়। এমপি বাতেনের কর্মসূচি ঠেকাতে থানা আওয়ামী লীগ পাল্টা কর্মসূচি ঘোষণা করলে উত্তেজনার সৃষ্টি হয়। সব ধরনের নাশকতা এড়াতে প্রশাসন নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে। নাগরপুর থানার পুলিশ ছাড়াও অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। থানা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এ্যাডভোকেট রেজাউল হক বুলবুলের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন খন্দকার আব্দুল বাতেন এমপি, বিশেষ অতিথি ছিলেন আলহাজ্ব একাব্বর হোসেন এমপি। বক্তব্য রাখেন হামিদুর রহমান ঝন্টু, কাজী এটিএম আনিসুর রহমান বুলবুল, মাহবুব আলম, জাকিরুল ইসলাম উইলিয়াম, আনিছুর রহমান আনিছ, আফাজউদ্দিন, ফরিদুর রহমান ফরিদ, আল মামুন প্রমুখ।