টঙ্গী থানা পুলিশের বিরুদ্ধে বিনা অভিযোগে ৩ জন মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানদের থানা হাজতে আটকে হয়রানির অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় স্থানীয় মুক্তিযোদ্ধাদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। জানা গেছে, স্থানীয় সাতাইশ মৌজায় ভাওয়াল এস্টেটের একটি পুকুর দীর্ঘদিন যাবত্ রক্ষণাবেক্ষণ করে আসছেন এলাকার মুক্তিযোদ্ধারা। একটি মহল সেটি দখলের চেষ্টা করলে এলাকাবাসী ও মুক্তিযোদ্ধাদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। গত শনিবার ওসির উপস্থিতিতে পুকুর ভরাটের চেষ্টাকালে এলাকাবাসীর বাধার মুখে দখলবাজরা পিছু হটতে বাধ্য হয়। এরপর থেকে মুক্তিযোদ্ধারা রাত জেগে পুকুরটি পাহারা দিয়ে আসছিলেন। গত সোমবার রাতে টঙ্গী থানার ওসি ইসমাইল হোসেনের নির্দেশে এএসআই জহির পাহারায় নিয়োজিত মুক্তিযোদ্ধা আব্দুল বারেক, মজিবর রহমান, বছিরউদ্দিন ও তাদের সন্তানদের থানায় নিয়ে যান। এ ঘটনায় এলাকাবাসী ও মুক্তিযোদ্ধাদের মধ্যে তীব্র উত্তেজনা সৃষ্টি হয়। এমনকি বিষয়টি মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় কাউন্সিল পর্যন্ত গড়ায়। অবস্থা বেগতিক দেখে থানার ওসি আটক মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানদের ছেড়ে দিতে বাধ্য হন। এ ব্যাপারে ওসি ইসমাইল হোসেন বলেন, দু’পক্ষের সংঘর্ষের আশঙ্কায় তাদেরকে থানা হাজতে এনে আটক রাখা হয়েছিল।
