কেন্দ্রীয় সম্মেলনকে সামনে রেখে সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের কমিটি গঠন নিয়ে তোড়জোড় শুরু হয়েছে। নতুন কমিটিতে আসতে অনেকেই জোর তদবির ও লবিং শুরু করেছেন। ইতিমধ্যেই ৪টি প্রস্তাবিত কমিটি কেন্দ্রে জমা পড়েছে বলে জানা গেছে। আগামী কয়েকদিনের মধ্যেই নবীন, প্রবীণের সমন্বয়ে কমিটি ঘোষণা হতে পারে। ১৯৯৭ সালে সর্বশেষ জেলা আওয়ামী লীগের কমিটি গঠন করা হয়েছিল। সে সময় সাবেক সাংসদ মরহুম আব্দুর জহুরকে সভাপতি ও বর্তমান সুনামগঞ্জ পৌরসভার মেয়র আইয়ুব বখ্ত জগলুলকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্যের কমিটি করা হয়েছিল। পরবর্তীতে আব্দুর জহুর মারা গেলে এবং আইয়ুব বখ্ত জগলুলকে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হলে সহ-সভাপতি মতিউর রহমান ভারপ্রাপ্ত সভাপতি ও যুগ্ম সম্পাদক নুরুল হুদা মুকুট ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব নেন। এই কমিটির ১০ জন মারা গেছে, ২৪ জন দেশের বাইরে অবস্থান করছেন।বর্তমানে ভারপ্রাপ্ত সভাপতি ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের নেতৃত্বে চলছে জেলা আওয়ামী লীগের কার্যক্রম। ভারপ্রাপ্তরা কমিটির নেতৃত্ব দিলেও দলীয় কার্যক্রম চলছে বিভক্ত হয়ে। জেলার প্রভাবশালী বেশ কয়েকজন নেতা বিভক্ত এসব গ্রুপের নেতৃত্ব দিচ্ছেন। ভারপ্রাপ্ত সভাপতি মতিউর রহমান ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুরুল হুদা মুকুট এক গ্রুপের নেতৃত্ব দিচ্ছেন। পৌরসভার মেয়র আইয়ুব বখ্ত জগলুল অন্য গ্রুপের নেতৃত্ব দিচ্ছেন। এছাড়া জেলার ৫টি আসনের এমপিদের অনুসারিরা গ্রুপ, উপ-গ্রুপের হয়ে দলীয় কার্যক্রমে অংশগ্রহণ করছেন। কোন্দলের কারণে গত কয়েক বছর ধরে দলীয় কার্যক্রমে স্থবিরতা বিরাজ করছে। মূল দলের কোন্দল অঙ্গ সংগঠনেও পড়েছে।প্রস্তাবিত কমিটিগুলোতে সভাপতি পদে কেন্দ্রীয় আওয়ামী লীগের কার্যকরী সদস্য সুনামগঞ্জ-৩ আসনের সাংসদ এমএ মান্নান, জেলা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মতিউর রহমান, সহ-সভাপতি সুনামগঞ্জ-৫ আসনের সাংসদ মুহিবুর রহমান মানিক, আরেক সহ-সভাপতি আফতাব উদ্দিনের নাম শোনা যাচ্ছে। সাধারণ সম্পাদক পদে সুনামগঞ্জ-১ আসনের সাংসদ মোয়াজ্জেম হোসেন রতন, জেলা কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুরুল হুদা মুকুট, সাবেক সাধারণ সম্পাদক সুনামগঞ্জ পৌরসভার মেয়র আইয়ুব বখ্ত জগলুল, জেলা আওয়ামী লীগ নেতা এডভোকেট পীর মতিউর রহমান, দেওয়ান ইমদাদ রেজা চৌধুরী ও জেলা আওয়ামী লীগের সদস্য খায়রুল কবির রুমেন জোর তদবির ও লবিং করছেন বলে জানা গেছে। এছাড়া ছাতক পৌরসভার মেয়র আবুল কালাম চৌধুরী, জেলা কমিটির নেতা হায়দার চৌধুরী লিটন, জুনেদ আহমদ, জগন্নাথপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুক্তাদির আহমদ, জামালগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শামিমা শাহরিয়ার, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আক্তারুজ্জামান সেলিম সাংগঠনিক সম্পাদক হতে চাইছেন। কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিছবাহ উদ্দিন সিরাজ জানান, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের নতুন কমিটি গঠনের প্রক্রিয়া চলছে। দলের ত্যাগী, নিবেদিত ও যোগ্যরাই নেতৃত্বে আসবেন।
