সিদ্ধিরগঞ্জে ডিএনডি ক্যানাল সড়ক দুর্দশার আরেক নাম

আপডেট : ১১ ডিসেম্বর ২০১২, ২১:২৮
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৩টি ওয়ার্ড এলাকা জুড়ে সিদ্ধিরগঞ্জ-শিমরাইল পাম্প হাউস-গোদনাইল ধনকুন্ডা ডিএনডি ক্যানাল সড়কের বিভিন্ন স্থান খানাখন্দে ভরে গেছে। দীর্ঘদিন মেরামতের উদ্যোগ না নেয়ায় মানুষ ও যানবাহন চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। ফলে স্থানীয় লোকজন চরম দুর্ভোগের মধ্যে দিয়ে চলাচল করতে বাধ্য হচ্ছে। রাস্তার বেহাল দশার কারণে এলাকাবাসীকে দ্বিগুণ ভাড়া গুণতে হচ্ছে। নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১নং, ৭নং ও ৮নং ওয়ার্ড এলাকার সিদ্ধিরগঞ্জের শিমরাইল পাম্প হাউস থেকে গোদনাইলের ধনকুন্ডা পর্যন্ত ৪ কি.মি. ক্যানাল সড়কটি দীর্ঘদিন ধরে সংস্কার করা হচ্ছে না। ফলে খানাখন্দে ভরে গেছে। দক্ষিণ কদমতলী, সিদ্ধিরগঞ্জ পুল এলাকার কাঁচাবাজার, সিআইখোলা, গোদনাইল নয়াপাড়া, ধনকুন্ডা ও মজিববাগ এলাকাসহ পুরো রাস্তায় গর্ত সৃষ্টি হয়েছে। একটু বৃষ্টি হলেই পানি জমে রাস্তাটি কর্দমাক্ত হয়ে পড়ে। গোদনাইল নয়াপাড়া, দক্ষিণ কদমতলী, উত্তর কদমতলী, মিজমিজি বাতানপাড়া, পূর্বপাড়া, মজিববাগ, পাইনাদী জুয়েল রোড ও সিআইখোলা এলাকার লোকজনকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। দক্ষিণ কদমতলীর বাসিন্দা মনির হোসেন জানান, গোদনাইল নয়াপাড়া থেকে সিদ্ধিরগঞ্জ পুল পযর্ন্ত বড় বড় গর্তের জন্য রিকশাও চলাচল করতে পারে না। সিআই খোলার বাসিন্দা মিজান জানান, এলাকার কাঁচাবাজার সংলগ্ন রাস্তাটি বৃষ্টির পানি জমে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্রছাত্রী ও অফিসগামী লোকজন ঝুঁকি নিয়ে চলাচল করছেন। কয়েক বছর যাবত্ রাস্তাটির এই বেহাল দশায় পড়ে আছে। কেউ সংস্কারের উদ্যোগ নেয়নি। নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৭নং ওয়ার্ডের কাউন্সিলর আলী হোসেন আলা রাস্তাটির বেহাল দশার কথা স্বীকার করে জানান, শিগগিরই সড়কটি সংস্কারের উদ্যোগ নেয়া হবে।