বাগেরহাটের ফকিরহাটে গ্রামবাসীর প্রহারে গুরুতর আহত আকবর হোসেন (৩৫) খুলনা মেডিক্যালে চিকিত্সাধীন অবস্থায় সোমবার রাতে মারা গেছেন। গত ৩ ডিসেম্বর সন্ধ্যায় উপজেলার বেতাগা ইউনিয়নের চাকুলী গ্রামে একদল গ্রামবাসী চিংড়ি ঘের থেকে মাছ চুরির অভিযোগ এনে আকবরকে বেধড়ক মারপিট করে। নিহত আকবর শেখ চাকুলী গ্রামের আফসার শেখের ছেলে। ফকিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদ আলম মঙ্গলবার সকালে জানান, ৩ ডিসেম্বর চাকুলী গ্রামের আজাদ শেখ নামে এক ব্যক্তির চিংড়ি ঘের থেকে মাছ চুরির অভিযোগে আকবরকে মারধর করা হয়েছিল। ঐ দিন রাতে আজাদ ফকিরহাট থানায় আকবরকে আসামী করে চিংড়ি ঘেরে থেকে মাছ চুরির অভিযোগে একটি মামলা দায়ের করেন এবং আকবরকে চিকিত্সার জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। তবে ঐ ঘটনায় পুলিশ আকবরকে গ্রেফতার বা আটক করেনি। এই অবস্থায় সোমবার সন্ধ্যায় আকবর চিকিত্সাধীন অবস্থায় খুলনায় মারা যায়।
