মুক্তিযুদ্ধে সহায়তাকারী ৬৫ বিদেশি বন্ধুকে সম্মাননা ১৫ ডিসেম্বর

আপডেট : ১১ ডিসেম্বর ২০১২, ২২:১৬
মুক্তিযুদ্ধে সহায়তাকারী বিদেশি বন্ধুদের আগামী ১৫ ডিসেম্বর চতুর্থ দফায় সম্মাননা দিচ্ছে সরকার। এবার ৬৩ জন বিদেশি বন্ধু ও দুইটি প্রতিষ্ঠান সম্মাননা পাচ্ছে। এবারের বিদেশি অতিথি ও তাদের প্রতিনিধিরা মহান বিজয় দিবসের অনুষ্ঠানমালায় যোগ দেবেন। গতকাল মঙ্গলবার পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি ও মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী এবি তাজুল ইসলাম এক যৌথ সাংবাদিক সম্মেলনে সম্মাননা অনুষ্ঠান সম্পর্কে অবহিত করেন। সাংবাদিক সম্মেলনে জানানো হয়, স্বাধীনতার ৪০ বছর পর বর্তমান সরকার বিদেশি বন্ধুদের সম্মাননা দেয়ায় জাতির মধ্যে ব্যাপক সাড়া মিলেছে। বিদেশেও ইতিবাচক ভাবমূর্তির সৃষ্টি হয়েছে। ২০১১ সালের জুলাই মাসে সর্বপ্রথম ভারতের সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত ইন্দিরা গান্ধীকে প্রদত্ত সম্মাননা সোনিয়া গান্ধীকে হস্তান্তর করা হয়। এ বছরের ২৭ মার্চ ও ২০ অক্টোবর দ্বিতীয় ও তৃতীয় দফায় আরো সম্মাননা দেয়া হয়। মুক্তিযুদ্ধে অবদানের জন্য ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জিকেও সম্মাননা প্রদানের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। তিনি আমন্ত্রণ গ্রহণ করেছেন। রাষ্ট্রপতি হবার পর বাংলাদেশেই প্রথম বিদেশ সফরে এসে প্রণব মুখার্জি সম্মাননা গ্রহণ করবেন। সেজন্য বঙ্গভবনে তাকে সম্মাননা দেয়া হবে। মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী সম্প্রতি নয়াদিল্লি গিয়ে ভারতীয় রাষ্ট্রপতিকে আমন্ত্রণ জানান। সাংবাদিক সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী জানান, এবারের বিজয়ের মাসে বিদেশি বন্ধুদের সম্মাননা প্রদানের আয়োজন করা একটি মহতী উদ্যোগ। কিন্তু মুক্তিযুদ্ধ বিরোধী গোষ্ঠী এই উদ্যোগকে বাধাগ্রস্ত করতে ত্রাসের রাজত্ব সৃষ্টি করছে। হরতাল, অবরোধ করে যুদ্ধাপরাধীদের বিচার বানচাল করতে চায়। মানবতাবিরোধী অপরাধের বিচার হবেই। বিরোধীদের সংঘাত, ভাঙচুরের রাজনীতি জাতি প্রত্যাখ্যান করেছে। মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী এবি তাজুল ইসলাম বলেন, বিদেশি বন্ধু অতিথিরা এবার বিজয় দিবসের প্যারেড, সাভার স্মৃতিসৌধের অনুষ্ঠানে যোগ দিচ্ছেন। এবারের আয়োজন বিশেষ তাত্পর্যপূর্ণ। এবার সম্মাননা পাবেন ভারতের প্রয়াত জয়প্রকাশ নারায়ণ ভারত রত্ন, প্রয়াত হেমন্ত মুখোপাধ্যায়, প্রয়াত ইলা মিত্র, প্রয়াত সলিল চৌধুরী, রাষ্ট্রদূত জগজিত্ শর্মা, প্রয়াত ঋত্মিক ঘটক, মান্না দে, প্রয়াত সুনীল গঙ্গোপাধ্যায়, প্রয়াত তারা শংকর বন্দ্যোপাধ্যায়, প্রয়াত মকবুল ফিদা প্রমুখ। এছাড়া শ্রীলংকা, সুইডেন, অস্ট্রেলিয়া, নেপাল, যুক্তরাষ্ট্র, ভুটানসহ বিভিন্ন দেশের বিশিষ্টজন যোগ দেবেন।