চ্যালেঞ্জ নিতে প্রস্তুত ফরহাদ

আপডেট : ২৮ এপ্রিল ২০১৯, ২১:০৬

দলগতভাবে অনুশীলনের জন্য দুটি দিনই বরাদ্দ ছিল। যার সর্বোচ্চ ব্যবহারে বদ্ধ পরিকর ছিলেন কোচিং স্টাফের সদস্যরা। গতকাল খুব সকালে রিপোর্টিং করার পরই ক্রিকেটারদের নিয়ে যাওয়া হয় বিসিবি একাডেমির কনফারেন্স রুমে। সেখানে ঘন্টা খানেক ফিল্ডিংয়ের টেকনিকের উপর বিশেষ ক্লাস নিয়েছেন ফিল্ডিং কোচ রায়ান কুক। পরে দিনভর ব্যাটিং-বোলিংয়ের ফাঁকে গ্রুপে গ্রুপে ভাগ করে ক্রিকেটারদের ফিল্ডিং অনুশীলন করিয়েছেন এই প্রোটিয়া কোচ।

গতকাল জাতীয় দলের অনুশীলনে ছিলেন ২১ ক্রিকেটার। মূল দলে থাকা সাকিব আল হাসান এদিন ছিলেন না। আগের দিন সন্ধ্যায় সবুজ সংকেত পেয়ে সকালেই অনুশীলনে হাজির হন তাসকিন আহমেদ ও ফরহাদ রেজা। দুজনকেই অন্তর্ভুক্ত করা হয়েছে আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজের ওয়ানডে দলে। রাতে রাজশাহী থেকে বাসে চড়ে সকালে ঢাকায় নেমে সারাদিন সতীর্থদের সঙ্গে অনুশীলন করেছেন ফরহাদ রেজা।

তাদের ছাড়াও গতকাল ক্যাম্পের সুবিধার্থে ডাকা হয়েছে পেস বোলার এবাদত হোসেন, খালেদ আহমেদ ও বাঁহাতি স্পিনার তাইজুল ইসলামকে।

পাঁচ বছর পর জাতীয় দলে ডাক পাওয়াটা তার কাছে স্বপ্ন পূরণের মতোই। ২০১৪ সালে শেষবার বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন অভিজ্ঞ এই পেস বোলিং অলরাউন্ডার। গত কয়েক মৌসুম ধরেই ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফরমার তিনি। পরপর কয়েকটি টুর্নামেন্টে ভালো করে চাপ বাড়িয়েছেন নির্বাচকদের উপর। যদিও শুরুতে সুযোগ পাননি। আশাহত ফরহাদ রেজার ক্যারিয়ারে নতুন বাঁক এনে দিয়েছেন মুস্তাফিজুর রহমান ও রুবেল হোসেনের পুরো ফিট না হতে পারার বিষয়টি।

জাতীয় দলের অনুশীলন চলাকালে গতকাল দুপুরে বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান বলেছেন, কয়েকজনের ইনজুরির সমস্যা এবং হেড কোচের চাওয়াতে তাসকিন-ফরহাদ রেজাকে দলে নেয়া হয়েছে ত্রিদেশীয় সিরিজের জন্য। এই সিরিজে বাংলাদেশের দলটা এখন ১৯ জনের।

ইনফর্ম ফরহাদ রেজাকে আয়ারল্যান্ডেই পরখ করতে চায় বাংলাদেশ। আকরাম খান বলেছেন, ‘আমরা যেহেতু আয়ারল্যান্ডে যাচ্ছি, সেখানে যে ত্রিদেশীয় সিরিজটি আছে সেখানে একটি-দুটি ম্যাচ খেলার সুযোগ পেলে সে নিজেও বুঝতে পারবে এবং আমরাও বুঝতে পারবো। যদি কোনো ক্রিকেটার ইনজুরিতে পড়ে তাহলে তার কথা মাথায় আছে।’

বিপিএলে ভালো করেছেন। প্রিমিয়ার লিগ টি-২০ তে সেরা খেলোয়াড় হয়েছেন। প্রিমিয়ার লিগের মূল আসরে সেরা বোলার হয়েছেন ফরহাদ রেজা। তারপরও সুযোগ না পেয়ে কষ্ট পেয়েছিলেন। অবশেষে নির্বাচকদের ডাক পেয়ে খুশি তিনি।

গতকাল অনুশীলন শেষে ৩২ বছর বয়সী এই অলরাউন্ডার বলেছেন, ‘প্রথম যখন শুনলাম ২৩ জনকে স্কোয়াডে রেখেছে খুব ভাল লাগছে। একজন প্লেয়ারের স্বপ্ন থাকে, সেই জায়গায় আসার সুযোগ। তারপর যখন বাদ পড়লাম একটুতো কষ্ট লাগছে যে এরকম পারফর্ম করলাম তারপরেও বাদ। অনেকেই বিশ্বাস করেছে যে আমার সুযোগ আসবে।’ ওই সময়ে এই ক্রিকেটারকে সাহস যুগিয়েছেন তার মা।

আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজের চ্যালেঞ্জটা নিতে প্রস্তুত ফরহাদ রেজা। গতকাল তিনি বলেছেন, ‘আমাদের প্রতিদিনই চ্যালেঞ্জ। আমি  যেখানে খেলি সবসময় চ্যালেঞ্জ থাকে। প্রতিদিনই পরীক্ষা দিতে হয়। যেভাবে করে আসছি ওভাবে যদি করতে পারি দেখা যাক কী হয়?’ নিজের ক্যারিয়ারে বাংলাদেশ দলকে কিছু দেয়ার এটাই সেরা সময় বলে মনে করেন ফরহাদ রেজা। গতকাল তিনি বলেছেন, ‘আপনি দেখেন গত বছর সব টুর্নামেন্টে ৬৭টি উইকেট পেয়েছি, এবার ১০০টা। আমি অনেক কিছু বুঝেছি এখন যেটা আগে বুঝতাম না। ফিল্ডিং সাজাতাম একদিকে, বল পড়ত একদিকে। এখন বুঝতে পারি। কাকে কি করলে কি হবে?’