মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আজ বুধবারের মধ্যে মুক্তি না দিলে আগামীকাল বৃহস্পতিবার সকাল ৬টা থেকে বেলা ২টা পর্যন্ত সারাদেশে আধাবেলা হরতাল পালন করবে বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট। গতকাল মঙ্গলবার হরতাল শেষে সন্ধ্যায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার। আজকের মধ্যে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুলকে মুক্তি দেয়া হলে বৃহস্পতিবারের হরতাল কর্মসূচি প্রত্যাহারের বিষয়টি ১৮ দল বিবেচনা করবে বলেও জানিয়েছেন তিনি।
এছাড়া রবিবার ১৮ দলের অবরোধ কর্মসূচি চলাকালে চারজনের মৃত্যু ও অসংখ্য নেতা-কর্মীকে গ্রেফতার, তাদের বিরুদ্ধে ‘মিথ্যা’ মামলা দায়েরের প্রতিবাদে এবং নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের দাবিতে আজ বুধবার সারাদেশে মহানগর, জেলা, উপজেলা ও পৌরসভায় বিক্ষোভ মিছিল করবে ১৮ দল। সংবাদ সম্মেলনে এম কে আনোয়ার অভিযোগ করেন, গতকাল হরতাল কর্মসূচি চলাকালে সরকার প্রাইভেট বাহিনী ও পুলিশ-র্যাব দিয়ে ঢাকাসহ সারাদেশে বিএনপিসহ ১৮ দলের নেতা-কর্মীদের অমানবিক নির্যাতন, নিপীড়ন করেছে। সোমবার সন্ধ্যা থেকে গতকাল পর্যন্ত ঢাকাসহ সারাদেশে ১৮ দলের ১ হাজার ২২৫ জন নেতা-কর্মীকে গ্রেফতার ও ৯৪৭ জনকে আহত করা হয়েছে। এসময়ে সারাদেশে ১৮ দলের ২৫ হাজার নেতা-কর্মীর বিরুদ্ধে ‘মিথ্যা ও হয়রানিমূলক’ মামলা দিয়েছে সরকার। গতকাল হরতাল চলাকালে নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে থেকে ১৫ জনকে আটক করা হয়। আটককৃতদের অবিলম্বে নিঃশর্ত মুক্তি ও তাদের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে তিনি বলেন, অন্যথায় যে পরিস্থিতির সৃষ্টি হবে এর দায়-দায়িত্ব সরকারকেই বহন করতে হবে। এম কে আনোয়ার আরও বলেন, সরকারের এই নিষ্ঠুর অত্যাচার মোকাবিলা করে জনগণের দাবি আদায় করবে ১৮ দল।
