স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধান আসামি করা হবে :খোকা

আপডেট : ১১ ডিসেম্বর ২০১২, ২২:১৮
নয়াপল্টনের বিএনপির সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক সাদেক হোসেন খোকা বলেছেন, বিএনপি আগামীতে ক্ষমতায় গেলে বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দিন খান আলমগীরকে প্রধান আসামি করে বিশ্বজিত্ দাস হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার করা হবে। একই সঙ্গে কুষ্টিয়ায় রিকশাচালক মনিরের স্ত্রী মারা যাওয়ার ঘটনায়ও তাকে (স্বরাষ্ট্রমন্ত্রীকে) প্রধান আসামি করে হত্যা মামলা করা হবে। খোকা বলেন, রবিবার অবরোধ কর্মসূচি চলাকালে ছাত্রলীগ কর্মীরা নির্মমভাবে বিশ্বজিেক হত্যা করে। বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী দায়িত্ব নিয়েই জামায়াত-শিবিরকে প্রতিহত করার জন্য ছাত্রলীগ-যুবলীগকে নির্দেশ দেন। সেই পরিপ্রেক্ষিতে বিশ্বজিেক খুন করে ছাত্রলীগ। এ জন্যই বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রীকে এই হত্যা মামলার প্রধান আসামি করা হবে। এছাড়া কুষ্টিয়ায় শিবির কর্মী সন্দেহে পুলিশ রিকশাচালক মনিরকে পথিমধ্যে আটকে রাখার কারণে যথাসময়ে রক্ত না পাওয়ায় তার স্ত্রী হাসপাতালে মারা যান। এর জন্যও দায়ী স্বরাষ্ট্রমন্ত্রী। পুলিশের উদ্দেশে খোকা বলেন, আপনাদের মধ্যে যারা অতি উত্সাহী হয়ে বিশ্বজিত্ হত্যার ঘটনাকে ধামাচাপা দিতে চাচ্ছেন একদিন তাদেরও বিচারের মুখোমুখি হতে হবে। সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন-বিএনপি নেতা আব্দুল্লাহ আল নোমান, বরকতউল্যাহ বুলু, রুহুল কবীর রিজভী, জয়নুল আবদিন ফারুক, আব্দুস সালাম, হাবিব-উন নবী খান সোহেল, নিলোফার চৌধুরী মনি, সৈয়দা আসিফা আশরাফি পাপিয়া ও রেহানা আক্তার রানু প্রমুখ।