আড়াইহাজারে ৪ বছরের এক শিশুকে অপহরণ করেছে দুর্বৃত্তরা। সোমবার রাতে উপজেলার গোপালদী বাজার পৌরসভার জালাকান্দী গ্রামে এই ঘটনা ঘটে।
আড়াইহাজার থানার এস আই রফিকুল ইসলাম জানান, জালাকান্দী গ্রামের জীবন মিয়ার ৪ বছরের শিশু জিহাদকে একই গ্রামের রাবিয়া বেগমের ভাড়াটিয়া এবং চাঁপাইনবাবগঞ্জের চরশেক আলী বাবন পাড়া গ্রামের বাসিন্দা ওমর ফারুক ও ফটিক মিয়া আদর করার ছলে কোলে তুলে নেয়। এই সময় দেখে ফেলে ওই গ্রামের সুলতান মিয়া নামের এক ব্যক্তি। বাড়ির পাশের এক ভাড়াটিয়া আদর করতে শিশুটিকে কোলে নেয়ায় প্রথমে কিছু মনে করেননি সুলতান। পরে রাত অনেক হয়ে গেলেও শিশুটি বাড়ি না ফেরায় চিন্তার পড়ে যায় স্বজনরা। এক পর্যায়ে সুলতানের কাছে বিষয়টি জানার পর ওই দিনই থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। গতকাল মঙ্গলবার দুপুরে ওমর ফারুক নামের এক অপহরণকারী মোবাইল ফোনে (০১৮৩৭৭৯৪৩৯১) ৫ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে। অপহরণকারীরা জানান, বিকাশের মাধ্যমে ৫ লক্ষ টাকা পাঠিয়ে দিলে শিশুটি কোথায় আছে তা তারা জানাবে। যদি টাকা না দিয়ে পুলিশকে জানানো হয় তাহলে শিশুটির লাশ পাঠিয়ে দেয়া হবে। এই খবর পেয়ে শিশুটির পরিবারের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে। শিশুটির পিতা জীবন জানান, ৫ লক্ষ টাকা দেয়ার ক্ষমতা তার নেই। তিনি আরও জানান, ওমর ফারুক ও ফটিক রাজমিস্ত্রির কাজ করতো। এরা আমার পাশের বাড়িতে ভাড়া থাকার সুবাদে আমার ঘরে মাঝেমধ্যে আসতো। আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সৈয়দ নজরুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, অপহরণের সঙ্গে জড়িত হাসান নামের একজনকে আটক করা হয়েছে। আটককৃত হাসান তাদের সাথে কাজ করতো এবং একই এলাকায় বাড়ি। শিশুটি উদ্ধারের জন্য আমরা চেষ্টা চলাচ্ছি। এ ঘটনার পর থেকে ওমর ফারুক ও ফটিক মিয়ার সন্ধান মেলেনি।
