বহুল আলোচিত সেই ১২.১২.১২ আজ। এমন তারিখ আবার ফিরে আসবে ১০০ বছর পর। এই দিনটিকে নানা জরিপে সৌভাগ্যের দিন হিসেবে আখ্যায়িত করেছে দর্শণবিদ থেকে শুরু করে আজকের আধুনিক বিজ্ঞানও। তাই এই দিনটিতে জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের শুভ সূচনা করতে যাচ্ছেন অনেকে। আবদ্ধ হচ্ছেন বিবাহ বন্ধনে। হংকং, সিঙ্গাপুর, ব্যাংককসহ বিশ্বের বিভিন্ন স্থানে বিয়ের ধুম পড়বে আজ এমন খবর দিয়েছে আন্তর্জাতিক মিডিয়া। এমনকি বাংলাদেশের ক্রিকেট তারকা বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানসহ অনেকে এই বিশেষ দিনটিতে জীবনসঙ্গীর গলায় মালা পরিয়ে চার হাত এক করে নিবেন। বেছে নিবেন জীবন সঙ্গী। ডেভিড ব্রাইডাল নামের একটি প্রতিষ্ঠান জানায়, আজ অন্তত সাড়ে সাত হাজার দম্পতির ‘ওয়েডিং’ সম্পন্ন হবে যা গত বছরের ১২ই ডিসেম্বর অপেক্ষা ১ হাজার ৪৪৬ গুণ বেশী! ফরাসি বার্তা সংস্থা ‘দ্য এজেন্স ফ্রান্স’ সূত্রে বলা হয়, হংকংয়ে এ আজকের এই দিনটিতে অন্য সময়ের চেয়ে ৪ গুণ বেশী দম্পত্তি বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন। সিঙ্গাপুরে বিবাহবন্ধনে আবদ্ধ হবেন অন্তত ৫৪০ দম্পতি, যা অন্য সময়ের চেয়ে ৮ গুণ বেশী। ‘ম্যারি অ্যাবরড’ নামের একটি ব্রিটিশ ওয়েব কোম্পানী জানায়, ১২.১২.১২ সম্পর্কে অন্য সময়ের চাইতে অন্তত ১৫ শতাংশের বেশী দম্পত্তি খোঁজ খবর নিয়েছেন। যদিও ওয়েডিং-এর ক্ষেত্রে মে থেকে সেপ্টেম্বরকে উপযুক্ত সময় ধরা হয়। ম্যারি অ্যাবরডসের কো ফাউন্ডার ষ্টেপ বিশপ মনে করেন, ১২.১২.১২ তে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে আগ্রহীরা ভাগ্যবান দম্পতি হবেন।
শুধু ১২.১২.১২ তে বিয়ের ধুম তাই নয়, কানাডিয়ান দম্পত্তি ক্রিস্টিনা ও রেক্স লু শুধু এই দিনটিতে মালা বদল করবেন এবং খাবারের তালিকায়ও ১২ সংখ্যাটির সরব উপস্থিতি থাকবে। ‘দ্য উইন্ডসর স্টার’ কে দেয়া এক সাক্ষাত্কারে তারা বলেছেন, তাদের আমন্ত্রণপত্রে একটি পাম ট্রির ছবি থাকবে যাতে থাকবে ১২টি নারকেল। খাবারে থাকবে ১২ রকম পদ এবং ওয়েডিং কেকটিতে থাকবে ১২টি স্টার ফিস।
এদিকে, সংখ্যা বিশারদ বা নিউমারোলজিষ্ট ড্যানিয়েল আর হার্ড মনে করেন, দিনটির উচ্চারন বেশ সহজ এবং এটাকে অনেকে ধর্মীয় বিবেচনাতেও স্থান দিচ্ছেন। তবে বিশ্বব্যাপী ১২.১২.১২ তে বিয়ের ধূম পড়লেও দিনটি ছুটির দিন না হওয়ায় অনেকে বিপাকে পড়ছেন।
