আঙুলের ইনজুরি কাটিয়ে ফিট হতেই আইপিএলে চলে গিয়েছিলেন সাকিব আল হাসান। বাংলাদেশের বিশ্বকাপ ক্যাম্পে যোগ দিতে সাকিবকে চিঠি দিয়েছিল বিসিবি। যদিও ক্যাম্পে যোগ দেননি আইপিএলে ব্যস্ত থাকা এই অলরাউন্ডার। সানরাইজার্স হায়দরাবাদের হয়ে তিনটি ম্যাচ খেলা সাকিব গতকাল দেশে ফিরেছেন। গতকাল বিকেল সাড়ে ৪টায় ঢাকায় ফিরেন তিনি। বিসিবির এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। আজ মিরপুর স্টেডিয়ামে জাতীয় দলের সঙ্গে অনুশীলনে যোগ দিতে পারেন সাকিব। তবে ১ মে দলের সঙ্গেই আয়ারল্যান্ডে যাবেন তিনি। আয়ারল্যান্ডে নিজের পরিবারকেও সঙ্গে নিবেন বাঁহাতি এই অলরাউন্ডার। আইপিএলে এবার সানরাইজার্স হায়দরাবাদের হয়ে প্রথম ম্যাচ (২৩ মার্চ) খেলেই একাদশ থেকে বাদ পড়েছিলেন তিনি। পরে ১ মাস পর আবার একাদশে ফিরেন তিনি। গত ২৩ এপ্রিল খেলেন সাকিব। ২৭ এপ্রিল তৃতীয় ম্যাচটি খেলে গতকাল দেশে ফিরে আসেন বাংলাদেশের ওয়ানডে দলের সহ-অধিনায়ক।
