পদ্মাসেতু প্রকল্পের দুর্নীতি অনুসন্ধানের প্রতিবেদনের উপর ভিত্তি করে কবে নাগাদ মামলা দায়ের করা হচ্ছে- এমন প্রশ্নের জবাবে দুদক চেয়ারম্যান গোলাম রহমান বলেছেন, এখনো কোন খবর হয়নি, চাঁদ উঠলে সবাই দেখবে। গতকাল মঙ্গলবার বিকালে দুর্নীতি দমন কমিশনে তিনি সাংবাদিকদের একথা বলেন। এসময় তিনি আরো বলেন, কমিশনে অনুসন্ধান প্রতিবেদন এবং মামলার সুপারিশপত্র জমা হয়েছে। দুদকের দুই কমিশনার এ প্রতিবেদন যাচাই-বাছাই করছেন। প্রতিবেদনের যাচাই-বাছাই কাজ এখনো শেষ হয়নি। আজ কমিশন বৈঠকে পদ্মা সেতু প্রকল্পের দুর্নীতি মামলার ব্যাপারে দুই কমিশনারের সঙ্গে আলোচনা করা হবে।
এদিকে দুদকের একটি সূত্রে জানা গেছে, অনুসন্ধান প্রতিবেদন এবং মামলার সুপারিশ নিয়ে দুই কমিশনার গতকাল কয়েক দফা আলোচনা করেছেন। ওই আলোচনায় মামলার সম্ভাব্য আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা কি হতে পারে এবং কোন কোন আইনে মামলা দায়ের হবে—সেসব পর্যালোচনা করা হয়। তবে গতকাল পর্যন্ত মামলার আসামিদের সংখ্যা নির্ধারণ করা হয়নি বলে একটি সূত্র জানিয়েছে।
