গুগল থেকে ইয়াহুতে যোগ দেওয়ার পর থেকেই যেন মারিসা মেয়ার গুগলকে লক্ষ্য করেই ইয়াহু’র সব ধরনের কার্যক্রম পরিচালনা করে চলেছেন। সেই ধারাবাহিকতায় এবারে গুগলর ইমেইল সেবা জিমেইলকে পেছনে ফেলতে নতুন রূপের ইয়াহু মেইল সেবা উন্মোচন করলেন মারিসা। এমনিতে ইয়াহু’র ইমেইল সেবা ইয়াহু মেইলের ব্যবহারকারীর সংখ্যা কম নয়। তবে যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় এই ইমেইল সেবাটি সারা বিশ্বের হিসেবে রয়েছে তৃতীয় স্থানে। বিশ্বব্যাপী ইমেইল সেবায় প্রথম এবং দ্বিতীয় স্থানে রয়েছে যথাক্রমে জিমেইল এবং হটমেইল। এদিকে সাম্প্রতিক সময়ে ইয়াহু মেইলের ব্যবহারকারী কিছুটা কমে যাওয়ার প্রমাণও পাওয়া যাচ্ছে। গত বছরের নভেম্বর মাসের তুলনায় চলতি বছরের নভেম্বর মাসে যুক্তরাষ্ট্রে ইয়াহু মেইলের ব্যবহারকারী কমেছে প্রায় ১৬ শতাংশ। আর গত বছরের অক্টোবর মাসের তুলনায় চলতি অক্টোবর মাসে এর ব্যবহারকারী কমেছে বিশ্বব্যাপী প্রায় ৭ শতাংশ। একই সময়ের হিসেবে জিমেইলের ব্যবহারকারী যুক্তরাষ্ট্রে এবং বিশ্বব্যাপী বেড়েছে যথাক্রমে ২৫ শতাংশ এবং ২০ শতাংশ। একদিকে নিজেদের ব্যবহারকারী কমে যাওয়া এবং অন্যদিকে প্রতিদ্বন্দ্বী জিমেইলের ব্যবহারকারী বেড়ে যাওয়া—এমন পরিস্থিতিতে নতুন নতুন ব্যবহারকারীকে আকৃষ্ট করতে ইয়াহু মেইলকে নতুন করে সাজানোর কোনো বিকল্প ছিল না। সেই কাজটিই করেছে তারা। মারিসা মেয়ার ইয়াহুতে যোগ দেওয়ার পর থেকে এটিই ইয়াহু’র বড় ধরনের কোনো কাজ। নতুন করে ইয়াহু মেইলকে সাজানো প্রসঙ্গে ইয়াহু’র বর্তমান সিইও মারিসা মেয়ার এক ব্লগ পোস্টে জানিয়েছেন, ‘ইয়াহু মেইলে কিছু পরিবর্তন করা প্রয়োজন, এটা স্পষ্ট করে দিয়েছেন আপনারা। আপনার ইয়াহু মেইলে দ্রুত লগ-ইন করতে চান, দ্রুত যোগাযোগ সম্পন্ন করতে চান এবং একে সার্বক্ষণিক সঙ্গী হিসেবে পেতে চান। আপনাদের এই চাহিদার কথা আমরা জানতে পেরেছি এবং সেই অনুযায়ী একে রূপান্তর করার চেষ্টা করেছি। এখন থেকে ইয়াহু মেইল হবে আরও বেশি সহজ, আরও বেশি দ্রুত এবং সর্বত্র ব্যবহারযোগ্য। ওয়েব, উইন্ডোজ ৮, আইফোন/আইপ্যাড/আইপড টাচ, অ্যানড্রয়েড—সব প্ল্যাটফর্মেই কাজ করবে নতুন সংস্করণের এই ইয়াহু মেইল।’ মারিসা জানিয়েছেন, নতুন করে ইয়াহু মেইল ডিজাইন করার ক্ষেত্রে গতির দিকেই বেশি নজর দেওয়া হয়েছে। পাশাপাশি বর্তমানে যেহেতু মোবাইল ডিভাইসের ব্যবহার অনেক বেড়ে গেছে এবং বেড়েই চলেছে, তাই মোবাইল প্ল্যাটফর্মেও ইয়াহু মেইল যেন চমত্কার অভিজ্ঞতা প্রদান করতে পারে, সেদিকেও নজর দেওয়া হয়েছে। ইয়াহু মেইলের নতুন এই সংস্করণে ইনবক্সের ইমেইল পড়ার ক্ষেত্রে নতুন ফিচার যুক্ত হবে। নতুন সংস্করণের ইয়াহু মেইলের ওয়েব কিংবা অন্য যেকোনো সংস্করণকে সকলেই পছন্দ করবেন বলেই আশাবাদ জানিয়েছেন তিনি। ওয়েবে যারা ইয়াহু মেইল ব্যবহার করে থাকেন, আগামী কয়েকদিনের মধ্যেই তাদের ইমেইলকে নতুন সংস্করণে রূপান্তর করে দেওয়া হবে বলে জানান মারিসা।
