ব্যাংক নোটের পরিবর্তন ও দাবি সম্পর্কিত বিধান বাতিল করে নতুন নিয়ম করেছে বাংলাদেশ ব্যাংক। দেশের সকল তফসিলী ব্যাংকে নতুন এ বিধান সম্পর্কে অবহিত করা হয়েছে এবং তা শিগগিরই কার্যকর হবে বলেও বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী পোড়া, ছেঁড়া বা বিকৃত টাকার অন্তত অর্ধেক না থাকলে তা পরিবর্তন করা যাবে না। এ ধরনের নোটের ৭৫ শতাংশের কম থাকলে সেক্ষেত্রে গ্রাহক ওই টাকার ৫০ শতাংশ পাবেন। কেন্দ্রিয় ব্যাংকের আদেশে বলা হয়েছে, বাংলাদেশ ব্যাংক (নোট রিফান্ড) রেগুলেশন-১৯৭৬ বাতিল করা হয়েছে। এর পরিবর্তে সময়ের দাবি অনুযায়ী নতুনভাবে বাংলাদেশ ব্যাংক (নোট রিফান্ড) রেগুলেশন-২০১২ প্রণয়ন করা হয়েছে। এ রেগুলেশন্স গত ২৭ নভেম্বর অনুষ্ঠিত বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের ৩৩৪তম বোর্ড সভা অনুমোদন দিয়েছে।
১৯৭২ সালের রাষ্ট্রপতি আদেশ নম্বর ১২৭ ধারা অনুযায়ী বাংলাদেশ ব্যাংক আদেশ (৮২) (ও) ক্ষমতাবলে এ বিধি প্রণয়ন করা হয় ও একইভাবে আগের বিধি রহিত হবে। এতে আরও বলা হয়েছে, বাংলাদেশ ব্যাংক (নোট রিফান্ড) রেগুলেশন-১৯৭৬ কার্যকর হওয়ার পর আজ পর্যন্ত হালনাগাদ করা হয়নি। ১৯৭৬-২০১২ সাল পর্যন্ত এ সুদীর্ঘ সময়ে নোটের প্রকৃতি, নিরাপত্তা বৈশিষ্ট্য, বিনিময়মূল্য-দাবিকৃত নোটের প্রকৃতি, দাবির প্রকৃতি গণমানুষের চিন্তা চেতনা প্রভৃতিতে ব্যাপক পরিবর্তন হয়েছে। এক সময়ের রেজিস্টার্ড নোটের বিধিবিধান বর্তমানে আর প্রচলিত নেই। অপরদিকে চার্ট নোট, ডাম্প নোট ইত্যাদি নোটের বিনিময় মূল্য দাবির ক্ষেত্রে যে পদ্ধতি অনুসরন করা হয় তার বিবরণও ১৯৭৬ সালের রেগুলেশন্সে সুনির্দিষ্টভাবে উল্লেখ নেই। সার্বিক দিক বিবেচনায় এ পরিবর্তন আনা হয়েছে।
