ব্রাজিল মাতিয়ে এখন আর্জেন্টিনায় সুইজারল্যান্ডের টেনিস তারকা রজার ফেদেরার। দুটি প্রীতি ম্যাচ খেলতে তিনি দক্ষিণ আমেরিকার দেশটিতে গেছেন। আর প্রীতি ম্যাচকে সামনে রেখে গতকাল বুধবার ফেদেরার ও জুয়ান মার্টিন ডেল পোত্রোকে সংবাদ মাধ্যমের মুখোমুখি হতে হয় বুয়েন্স আয়ার্সের জেলা টিগরেতে। সেখানে উপস্থিত ছিলেন আর্জেন্টিনার টেনিস কিংবদন্তি গুইলারমো ভিলাস এবং স্থানীয় মেয়র সার্জিও মেসা।
সুইস তারকাকে স্বাগত জানান, আর্জেন্টিনার টেনিস তারকা ডেল পোত্রো। তিনি বলেন, ‘আর্জেন্টিনায় তোমাকে স্বাগত রজার! সর্বকালের সেরা টেনিস খেলোয়াড়কে পরিচিত করাতে পেরে আমি খুবই খুশি।’ ফেদেরার সংবাদ মাধ্যমকে বলেন, ‘আমি সব সময় আর্জেন্টিনায় আসতে চাই। আর জুয়ান এটা সম্ভব করেছে। এখানকার সব কিছু আমি উপভোগ করছি। বোকা জুনিয়র্স স্টেডিয়ামে যেতে পারি। অনেক সুন্দর জায়গা রয়েছে এখানে। এর স্বাদ নিতে চাই।’
ফেদেরারকে প্রেসিডেন্ট ক্রিস্টিনা ফার্নান্দেজের সাথে দেখা করতেও যাবেন। ফেদেরার জানান, তিনি সম্মানিতবোধ করছেন।
ডেল পোত্রো জানান, প্রীতি ম্যাচ হলেও তিনি হালকাভাবে নিচ্ছেন না। হারতে চান না তিনি। পোত্রো বলেন,‘মানুষ আমাদের সেই মানের টেনিস দেখতে চায় যা দেখে আসছে পুরো বছর ধরে। আমরা তাই আসলটাই খেলবো। আর আমি হারতে চাই না। আর টেনিস ইতিহাসের সেরার বিপক্ষে খেলাটা সবসময় আনন্দের, যদি কিছু শেখার থাকে। আমি তা নিতে চাই।’
