লিগ কাপ আর চ্যাম্পিয়ন্স লিগ থেকে আগেই বিদায়ঘণ্টা বেজে গিয়েছিলো পিএসজির। এবার ফ্রেঞ্চ কাপের ফাইনালেও রেনের কাছে টাইব্রেকারে ৬-৫ গোলে হেরেছে ফরাসি চ্যাম্পিয়নরা। নেইমার আর দানি আলভেজের দারুণ দুটি গোলে ম্যাচের শুরুতেই দুই গোলের ব্যবধানে এগিয়ে যায় পিএসজি। এরপর প্রেসনেল কিম্পেম্বের আত্মঘাতী গোল ও এডসন আন্দ্রেসিতোর গোলে সমতায় ফেরে রেনে। নির্ধারিত সময়ে সমতায় থাকায় খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। ১১৮ মিনিটে মেজাজ হারিয়ে লাল কার্ড দেখেন তারকা ফরোয়ার্ড কিলিয়ান এমবাপে। পেনাল্টি শুটআউটের প্রথম ১১টি প্রয়াসে দুই দলই লক্ষ্যভেদ করে। পিএসজির হয়ে ষষ্ঠ পেনাল্টি নিতে আসা ক্রিস্টোফার এনকুকু লক্ষ্যভেদ করতে ব্যর্থ হলে টানা পঞ্চম ফ্রেঞ্চ কাপ শিরোপা হাতছাড়া করে থমাস টুখেলের দল।
