নাটোর শহরের স্টেশন বাজার এলাকায় মঙ্গলবার হরতালের সমর্থনে ছাত্রদল ও যুবদল নেতা-কর্মীরা ঝটিকা মিছিল বের করেন। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর এবং কেন্দ্রীয় স্বনির্ভর বিষয়ক সম্পাদক নাটোর জেলা সভাপতি অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলুর বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারসহ ওই দুই নেতার মুক্তির দাবিতে তারা এই মিছিল বের করেন। মিছিল শেষে শহরের বড়গাছা এলাকায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন জেলা যুবদল সভাপতি সাইফুল ইসলাম আফতাব, জেলা ছাত্রদলের সভাপতি রবিউর রহমান টিটন এবং সিনিয়র সহ-সভাপতি সানোয়ার হোসেন তুষার। জেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল হক বিবৃতিতে জানান, যুবলীগ নেতা পলাশকে নিজ দলের সন্ত্রাসীরা খুন করেছে। অথচ দুলুকে ষড়যন্ত্রমূলক মামলায় জড়ানো হয়েছে। তিনি ফখরুল-দুলুসহ বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার এবং তাদের মুক্তির দাবিতে কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দেন।
