স্পোর্টস রিপোর্টার
বাংলাদেশের সঙ্গে জাপান, দক্ষিণ কোরিয়া, চীন, কাতারের ফুটবল সম্পর্ক ভালো। বিশেষ করে নারী ফুটবল দল প্রশিক্ষণ নিতে এসব দেশে গিয়েছিলেন সানজিদা, মারিয়া, মনিকারা। এবার তাদের জন্য ফুটবলে নতুন দুয়ার খুলতে যাচ্ছে।
ফুটবল সম্পর্ক হতে যাচ্ছে উত্তর কোরিয়ার সঙ্গেও। অনেক দিন ধরেই উত্তর কোরিয়ার সঙ্গে বাফুফে চিঠি চালালি করছিল। বাফুফে মনে করছে যেহেতু উত্তর কোরিয়া নারী ফুটবলের শক্তিশালী দেশ, তাদের সঙ্গে ফুটবল সম্পর্ক গড়ে তুলতে পারলে বাংলাদেশে নারী ফুটবলারদের শক্তি আরো বাড়তে পারে। সেই ভাবনা থেকেই দুই দেশের ফুটবল সম্পর্ক জোরদার করার উদ্যোগ পথ চলতে শুরু করেছে। ঢাকায় উত্তর কোরিয়ার রাষ্ট্রদূত পার্ক সং ইওপ বাফুফের সভাপতি কাজী সালাহউদ্দিনের সঙ্গে বৈঠক করেছেন। শনিবার দুপুরে বাফুফেতে হওয়া এই বৈঠকে দুই দেশের নারী ফুটবল নিয়ে আলোচনা হয়েছে।
আলোচনায় কীভাবে নারী ফুটবলের সম্পর্ক জোরদার করা যায় তা নিয়ে অনেকটা অগ্রগতিও হয়েছে বলে জানিয়েছেন বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ। তিনি জানিয়েছেন সৌজন্য সাক্ষতে উত্তর কোরিয়ার রাষ্ট্রদূত এসেছিলেন বাফুফেতে। বাংলাদেশের মহিলা ফুটবল উন্নয়নে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন। সোহাগ বলেন, ‘বয়স ভিত্তিক ফুটবলে উত্তর কোরিয়ার দখল ভালো। তাদের সঙ্গে যুক্ত হয়ে কোচিং স্টাফ এনে কিংবা আমাদের দলকে পাঠিয়েও প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া যায়। এটা নিয়ে এখনো চূড়ান্ত কিছু হয়নি। তবে পরবর্তীতে আলোচনা করা হবে। উত্তর কোরিয়া আমাদের সঙ্গে যোগাযোগ করবে বলে জানিয়ে গেছে।’
সৌজন্য সাক্ষাত্ শেষে উত্তর কোরিয়ার রাষ্ট্রদূত পার্ক সং ইওপ সংবাদ মাধ্যমকে জানিয়েছেন দুই দেশের নারী ফুটবল দল ম্যাচ খেলতে পারে। যাওয়া আসা করতে পারে। কীভাবে কী করা যায় তা নিয়ে আরো আলোচনা হবে।
