ঐতিহ্যবাহী মোহামেডান ও এবারের মৌসুমে বড় বাজেটের দল শেখ রাসেল আজ বৃহস্পতিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে গ্রামীণফোন বাংলাদেশ প্রিমিয়ার (বিপিএল) লিগের প্রথম বড় ম্যাচে পরস্পরের মুখোমুখি হবে। বিকাল সাড়ে চারটায় শুরু হবে খেলাটি।
মাঠের লড়াইয়ের আগে শক্তির তারতম্যে কাগজে কলমে এই দুই দলের মধ্যে রয়েছে বিরাট পার্থক্য। কারণ শেখ রাসেলের রয়েছে সব তারকা ফুটবলার। জাতীয় ফুটবল দলের আট খেলোয়াড় এই দলের হয়ে মাঠ নামবেন। সেই হিসেবে মোহামেডান তাদের চেয়ে অনেকটা পিছিয়ে। তারপরও নামের ভারে মোহামেডান দৃশ্যত একটু বেশি এগিয়ে থাকবে। তাছাড়া মোহামেডান সমর্থকপুষ্ট দল। সমর্থকরা মোহামেডানের বড় অস্ত্র। শেখ রাসেল আবার এদিকটায় পিছিয়ে। তাদেরকে নির্ভর করতে হয় মাঠের পারফরম্যান্সের উপর। কারণ তাদের আক্রমণভাগে রয়েছেন এমিলি, মিঠুন, মামুনুল ইসলামদের মতো বড় ‘অস’্ত্র। যেটা পেশাদার ফুটবলে আর কোন দলে নেই।
এই তিন ফুটবলার মোহামেডানের রক্ষণভাগকে কতটা নাস্তানাবুদ করতে পারবেন সেটা প্রমাণ হবে মাঠে। কারণ রক্ষণভাগে মোহামেডানেরও রয়েছে অতন্দ্র প্রহরী রজনী। তাকে ফাঁকি দিয়ে গোলপোস্টে বল ঠেলে দেয়া বর্তমান সময়ের ফুটবলারদের জন্য এখনও কঠিন কাজ। তার উপর গোলপোস্টে থাকবেন তিতুমির চৌধুরি টিটু। জাতীয় দলে যার ব্যক্তিগত পারফরম্যান্স ভালো। এখন অনেক বেশি আত্মবিশ্বাস তৈরি হয়েছে সম্প্রতি অনুষ্ঠিত ফিফার প্রীতি ম্যাচ দু’টি খেলার সুবাদে।
মোহামেডান এবং শেখ রাসেল চলতি মৌসুমে দুই বার মুখোমুখি হয়েছিল। খেলা দুটি ছিল ফেডারেশন কাপ ফুটবলের। যাতে গ্রুপ ম্যাচে (২-০) এবং সেমিফাইনালে (২-১) হেরেছিল সাদাকালো জার্সিধারীরা। অপরদিকে লিগের গত আসরে প্রথম পর্বে শেখ রাসেল এবং ফিরতি পর্বে মোহামেডান জিতেছিল।
পেছনের হিসাব নিয়ে ভাবছে না কোনো দলই। এখন লিগের হিসাব ভিন্ন-বললেন মোহামেডানের ভারপ্রাপ্ত কোচ সাবেক ফুটবলার জুয়েল রানা। দলের হেড কোচ সাইফুল বারী টিটু শ্রীলংকা থেকে ঢাকায় ফিরেই অসুস্থ হয়ে এখন বাসায়। তাই টিটুর পরামর্শে জুয়েল রানা দলকে তালিম দিচ্ছেন।
জুয়েল রানা মনে করেন, শেখ রাসেলের বিরুদ্ধে নিজেদের আরো বেশি পরিশ্রম করতে হবে। কারণ এক ম্যাচ হেরে পিছিয়ে আছে দলটি। আজ যদি রেজাল্ট খারাপ হয় তাহলে সেটা দলের জন্য মঙ্গল হবে না। জাতীয় দলের সাবেক অধিনায়ক জুয়েল রানা জানান, তার দলে ম্যাচ উইনিং প্লেয়ারের অভাব। সব সময় স্ট্রাইকারদের উপর ভর করলে চলে না। মিডফিল্ডারদেরও কিছু করে দেখাতে হয়। মতিউর মুন্না, মারুফ আহমেদরা থাকলেও তাদেরকে প্রমাণ দিতে হবে মাঠে। তিনি বলেন, ‘বড় ম্যাচে সুযোগ আসে কম। সেটাকে কাজে লাগাতে না পারলে ম্যাচ জেতা যাবে না।’
শেখ রাসেলের কোচ মারুফুল হক মোহামেডানকে খাটো করে দেখছেন না। তিনি মনে করেন, মোহামেডান যেমনই হোক মোহামেডান তো মোহামেডানই। তাদের আছে অভিজ্ঞ এবং সিনিয়র ফুটবলার যারা যে কোনো মুহূর্তে বিপদ ঘটাতে পারেন।
লিগে প্রথম ম্যাচে ব্রাদার্সকে হারিয়ে দ্বিতীয় ম্যাচে শেখ জামালের কাছে হেরেছে মোহামেডান। আজ তাদের তৃতীয় ম্যাচ। শেখ রাসেল প্রথম ম্যাচে বিজেএমসিকে হারিয়েছে। আজ তাদের দ্বিতীয় ম্যাচ।
