স্পোর্টস রিপোর্টার
বাংলাদেশ হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক প্রায়ত খাজা রহমতউল্লাহ বেঁচে থাকতেই হকি ফেডারেশনের নির্বাচনে দৌড়ঝাঁপ শুরু হয়েছিল। এরপর তফসিল ঘোষণা হওয়ার পরও নানা কারণে জাতীয় ক্রীড়া পরিষদ নির্বাচন স্থগিত রেখেছিল। কাউন্সিলর নিয়ে তর্কবিতর্ক আদালত আঙ্গিনায় গড়িয়েছিল। অনেক তর্কবিতর্ক এবং অভিযোগ আর পাল্টা অভিযোগের পর শেষ পর্যন্ত আজ সেই বহুল প্রতীক্ষিত নির্বাচন হতে যাচ্ছে। সভাপতি পদ ছাড়া সবকটি পদে নির্বাচন হবে। সাধারণ সম্পাদক পদে বর্তমান সাধারণ সম্পাদক সাবেক তারকা খেলোয়াড় এবং বাংলাদেশ জাতীয় হকি দলের প্রথম অধিনায়ক আব্দুস সাদেক প্রার্থী হয়েছেন। তার বিপক্ষে মোহামেডানের কাউন্সিলর এবং একাধিক ক্লাবের সভাপতি মোমিনুল হক সাঈদ লড়াই করবেন। রশিদ-সাঈদ পরিষদ এবং সাজেদ-সাদেক পরিষদ হকির মসনদে বসার লড়াই করবে। যুগ্ম সম্পাদক পদে এবার লড়াই করছেন একজন নারী প্রার্থী আনোয়ারা সরকার। ৮৪ ভোটার, ধানমন্ডিস্থ মহিলা ক্রীড়া কমপ্লেক্সে সকাল ১০টা হতে বিকাল ৩টা পর্যন্ত ভোট চলবে।
