অবিশ্বাস্য হলেও সত্য যে, নীলফামারী জেলার সৈয়দপুরে গত ২৮ বছরেও গড়ে ওঠেনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। অথচ ওই হাসপাতালের বিপরীতে কর্মরত আছেন ৭২ জন কর্মকর্তা-কর্মচারী। প্রতিবছর হাসপাতালের নামে অর্থ বরাদ্দ মিললেও তা ব্যয় করা যাচ্ছে না। সূত্র জানায়, ১৯৮৪ সালে পর্যায়ক্রমে দেশের সকল থানা উপজেলায় উন্নীত করা হয়। তত্কালীন সরকার প্রতিটি উপজেলায় একটি করে স্বাস্থ্য কমপ্লে¬ক্স গড়ে তোলার উদ্যোগ গ্রহণ করে। সে অনুযায়ী ৫টি উপজেলায় স্বাস্থ্য কমপ্লে¬ক্স নির্মিত হলেও সৈয়দপুর উপজেলায় নেই কোন স্বাস্থ্য কমপ্লে¬ক্স। যদিও এজন্য শহরের অদূরে কাশিরাম বেলপুকুর ইউনিয়নের হাজারীহাটে সাড়ে ৬ একর জমি অধিগ্রহণ করে সরকার। অধিগ্রহণকৃত জায়গায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গড়ে তুলতে উদ্যোগও গ্রহণ করা হয়। কিন্ত অজ্ঞাত কারণে সেখানে আজো গড়ে ওঠেনি স্বাস্থ্য কমপ্লে¬ক্সটি। কমপ্লে¬ক্স নেই তাই ওই হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীরা অফিস করেন স্থানীয় আউটডোর ডিসপেনসারিতে অস্থায়ীভাবে।
এ প্রসঙ্গে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ষষ্টীচরণ চক্রবর্তী জানান, জনবহুল সৈয়দপুরে অবশ্যই স্বাস্থ্য কমপ্লেক্সের প্রয়োজনীয়তা রয়েছে। তিনি বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জন্য সরকারের সকল বরাদ্দ রয়েছে। স্থানীয় জনপ্রতিনিধিরা এনিয়ে কোন পদক্ষেপ নিচ্ছেন না।
