কসবায় বাঁধ নির্মাণের দাবি

আপডেট : ১২ ডিসেম্বর ২০১২, ২১:৫৩
বাঁধের অভাবে কসবা উপজেলার ঐতিহ্যবাহী প্রাচীনতম মন্দভাগ বাজারটি সালদা নদীর করাল গ্রাসে বিলীন হয়ে যাচ্ছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা নির্বাহী অফিসারের পক্ষ থেকে পানি উন্নয়ন বোর্ড ব্রাহ্মণবাড়িয়া নির্বাহী প্রকৌশলী বরাবরে পর পর দু’টি পত্র দেয়া হলেও এখন পর্যন্ত কার্যত কোন পদক্ষেপ গ্রহণ করা হয়নি বলে অভিযোগ রয়েছে। সরেজমিনে গিয়ে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সাথে কথা বলে জানা যায়, পানির ঢল ও স্রোতে বাজারের অধিকাংশ দোকানপাট নদীগর্ভে বিলীন হয়ে গেছে। বাজারের অন্যান্য ব্যবসায়ীরাও ভাঙ্গন আতংকে রয়েছে। ব্যবসায়ীরা জানান,মন্দভাগ বাজারটি ভাঙ্গন থেকে রক্ষা করতে হলে জরুরি ভিত্তিতে বাঁধ নির্মাণ প্রয়োজন। কায়েমপুর ইউপি চেয়ারম্যান মো: আমজাদ হোসেন সরকার সাংবাদিকদের জানান, মন্দভাগ বাজারের পূর্বদিকের প্রায় অর্ধাংশ ভেঙ্গে সালদা নদীর গর্ভে বিলীন হয়ে গেছে। বাজারের অপর অংশটিও নদীগর্ভে বিলীন হওয়ার পথে। তিনি এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেন।