দেশের প্রধান খেজুরের গুড় পাটালি তৈরি এলাকা পশ্চিমের জেলাগুলোতে ভেজাল গুড় পাটালি তৈরি করছে গাছিরা। বাজারে চিনির দাম কম ও গুড় পাটালির দাম চড়া থাকায় এই ভেজাল করছে তারা।
বহু বছর ধরে যশোর, মাগুরা, ঝিনাইদহ, নড়াইল, চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলায় শীতকালে খেজুরের গুড় পাটালি তৈরি হয়ে আসছে। শীতের পিঠা-পায়েস তৈরিতে খেজুরের গুড় ব্যাপক ব্যবহার হয়ে থাকে। গাছ থেকে রস সংগ্রহ করে জ্বালিয়ে এ গুড় ও পাটালি তৈরি করা হয়। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও উত্পাদন পদ্ধতির কোন উন্নতি হয়নি। বর্তমানে প্রতিকেজি গুড় ৯০ টাকা এবং পাটালি ১০০-১১০ টাকা দরে বিক্রি হচ্ছে। দরের কারণে গাছিরা ভেজাল গুড় পাটালি তৈরি করছে। বর্তমানে এক কেজি চিনি বিক্রি হচ্ছে ৪৮-৫০ টাকা দরে। সস্তা দামের চিনি ভেজাল দিয়ে গুড় পাটালি তৈরি করে তারা লাভবান হচ্ছে। খুচরা ব্যবসায়ীরা গুড় পাটালিতে চিনি ভেজালের কথা স্বীকার করে বলেন, রাজশাহী ও নাটোর এলাকায় তৈরি গুড় ও পাটালিতে বেশি ভেজাল হচ্ছে।
