কক্সবাজারের উখিয়ার রাজাপালং ইউনিয়নের দক্ষিণ পুকুরিয়া রেজু ও হিজলিয়া জোয়ার ভাটা খালের সংযোগস্থলে প্রায় ৫ কোটি টাকা ব্যয় বরাদ্দে ৩০ মিটার দীর্ঘ প্রস্তাবিত রাবার ড্যাম্প বাস্তবায়নের যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন হলেও অর্থাভাবে তা অনিশ্চিত হয়ে পড়েছে বলে অভিযোগ উঠেছে।
জানা গেছে, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আওতায় ক্ষুদ্রাকার পানি সম্পদ সেক্টর প্রকল্প এডিপি, ইফাদ ও বাংলাদেশ সরকারের অর্থায়নে দেশের ৬১ জেলায় রাবার ড্যাম্প বাস্তবায়নের কাজ চলছে। এরই ধারাবাহিকতায় উখিয়া উপজেলাধীন পশ্চিম ডিগলিয়া উপ-প্রকল্প বাস্তবায়ন করার জন্য প্রকল্পের নিয়ম অনুযায়ী পরিচালনা ও রক্ষণাবেক্ষণ যৌথ তহবিলে মোট প্রাক্কলিত ব্যয় ৪ কোটি ৫২ লাখ ৮১ হাজার টাকার ১.৫০ শতাংশ টাকার সমপরিমাণ ৬ লাখ ৮০ হাজার টাকা নির্বাহী প্রকৌশলী, এলজিইডি, কক্সবাজার এবং সভাপতি এর যৌথ তহবিলে যে কোন সিডিউল ব্যাংকে তিন বছরের জন্য এফ.ডি.আর করার বাধ্যবাধকতা রয়েছে। এব্যাপারে নির্বাহী প্রকৌশলী স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর সমিতিকে বার বার উক্ত তহবিলে নির্ধারিত টাকা জমা দেয়ার তাগিদ দিয়ে আসছে।
