সাতক্ষীরায় গোলপাতা আহরণ শুরু

আপডেট : ১২ ডিসেম্বর ২০১২, ২২:০২
সাতক্ষীরা রেঞ্জের আওতায় পশ্চিম সুন্দরবনের চলতি বছরে গোলপাতা আহরণ মৌসুম শুরু হয়েছে। পহেলা ডিসেম্বর ২০১২-তে শুরু হয়ে আগামী ১৩ সালের ফেব্রুয়ারি পর্যন্ত গোলপাতা আহরণ মৌসুম চলবে। সাতক্ষীরা রেঞ্জের তত্ত্বাবধায়নে সরকারিভাবে ১ লাখ ৯৩ হাজার মণ গোলপাতা সংগ্রহের অনুমতি পেয়েছে। এর মধ্যে প্রথমবারে একটি কূপ হতে প্রায় ৬০ হাজার মণ গোলপাতা সংগ্রহের অনুমতি দেয়া হয়েছে। প্রতি কুইন্টাল গোলপাতা আহরণের জন্য ২৮.৭৫ টাকা ও প্রতি মণে ১০ টাকা রাজস্ব নির্ধারণ করা হয়েছে। প্রথম টিপে ৬০ হাজার মণে রাজস্বের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৬০ লাখ টাকা। ইতিমধ্যে ১৩০ টি নৌকা নিয়ে ৬ শ’ ৫০ জন বাওয়ালী বুড়িগোয়ালিনী রেঞ্জ অফিস হতে অনুমতিপত্র সংগ্রহ করে গহীন সুন্দরবনে গোলপাতা সংগ্রহের জন্য প্রবেশ করেছে বলে সাতক্ষীরা সহকারী রেঞ্জ কর্মকর্তা জানান। গোলপাতা আহরণ মৌসুমের শুরুতেই সুন্দরবন উপকূলীয় বাওয়ালীদের মধ্যে আনন্দের ধুম পড়েছে। বাড়িতে দাওয়াত দিয়ে কেউ মসজিদে, মন্দিরে প্রার্থনা করে আনন্দ উল্লাসের মধ্যে গোলপাতা আহরণ মাস পালন করছে। কিন্তু আনন্দের পাশাপাশি বাওয়ালী পরিবারের মধ্যে হতাশা দুর্ভাবনারও শেষ নেই। কারণ বনে বাঘ, ডাঙ্গায় জলদস্যু। এ দুই জাতশত্রুর চিন্তা মাথায় নিয়ে বাওয়ালীদের সুন্দরবনে যেতে হয়। সার্বিক বিষয়ে সাতক্ষীরা সহকারী রেঞ্জ কর্মকর্তা এসিএফ তৌফিকুল ইসলাম বলেন, নিরাপত্তা দিতে ৩টি টহলদারী দল গঠন করা হয়েছে। বাওয়ালীদের নির্বিঘ্নে গোলপাতা আহরণের জন্য পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।