খালিয়াজুরীর উন্মুক্ত নদী প্রভাবশালীদের দখলে

আপডেট : ১২ ডিসেম্বর ২০১২, ২২:০২
খালিয়াজুরীর ‘চলতি ধনু’ নদী সাধারণ জেলেদের মাছ ধরার জন্য উন্মুক্ত থাকলেও স্থানীয় প্রভাবশালী অমত্স্যজীবী ব্যক্তিরা নদীতে বাঁশ দিয়ে বেড়া দিয়ে নদী দখল করছেন বলে অভিযোগ পাওয়া গেছে। প্রকাশ, প্রকৃত মত্স্যজীবীরা জাল-নৌকা নিয়ে নদীতে মাছ ধরতে গেলেই অমত্স্যজীবী প্রভাবশালীরা তাদের নদীতে মাছ ধরতে বাধা দিচ্ছেন। এ ব্যাপরে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রশাসন হতে বলা হলেও প্রভাবশালী ও সরকার দলীয় কিছু ব্যক্তির কারণে বাঁশের ঐ বেড়া সরানো যাচ্ছে না। প্রভাবশালীরা কোন কিছুরই তোয়াক্কা করছেন না। এই সমস্ত প্রভাবশালী অমত্স্যজীবীরা উন্মুক্ত ধনু নদীর বিশাল এলাকা দখল করে বেআইনিভাবে বাঁশের ঘের তৈরি করেছেন। প্রকৃত মত্স্যজীবীরা মাছ ধরতে গেলেই তাদের উপর নির্মম অত্যাচারই শুধু করা হয় না, জাল ও নৌকা পর্যন্ত নিয়ে যায়। এলাকার নিরীহ কয়েকজন জেলে নাম প্রকাশ না করার শর্তে এই প্রতিনিধিকে বলেন, তারা নদীতে মাছ ধরতে গেলেই তাদের মারধর করা হয়। তারা বিষয়টি নিয়ে থানায় অভিযোগ করেও কোন প্রতিকার পাচ্ছেন না। এদিকে উন্মুক্ত ধনু নদী এবার লিজ দেয়া না হলেও প্রভাবশালীরা লিজের কথা বলে বেআইনিভাবে নদীতে বাঁশ দিয়ে নদী দখল করছেন। গত ১০ ডিসেম্বর জেলা আইন-শৃংখলা নিয়ন্ত্রণ কমিটির সভায় খালিয়াজুরী উপজেলা চেয়ারম্যান কিবরিয়া জব্বার এই বিষয়টি সভায় উত্থাপন করলে জেলা প্রশাসক আনিস মাহমুদ কঠোরভাবে দখল দমন করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্বাহী কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন।