হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জ পৌর এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে ট্রাক-ট্রাক্টর, ইজিবাইকসহ বিভিন্ন যানবাহনের বেপরোয়া চলাচলে জনজীবন দুর্বিষহ হয়ে উঠেছে। শহরের চৌধুরী বাজার থেকে রাজনগর হয়ে শায়েস্তানগর পর্যন্ত সড়কের দুই পাশে ১৩/১৪টি শিক্ষা প্রতিষ্ঠানে প্রতিদিন হাজার হাজার শিক্ষার্থী যাতায়াত করে; কিন্তু ভোর না হতেই মাটি কিংবা বালুবাহী ট্রাক-ট্রাক্টর এমনকি মালবাহী বড় বড় কার্গো ভ্যান এই গুরুত্বপূর্ণ সড়ক দিয়ে বেপরোয়া গতিতে চলাচল করে থাকে। এতে যে কোনো সময়ে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। এছাড়া রয়েছে টমটমের (ইজিবাইক) দৌরাত্ম্য। পৌর এলাকায় বর্তমানে ৫ সহস াধিক টমটম চলাচল করায় প্রতিনিয়ত যানজট সৃষ্টি হচ্ছে বলে অভিযোগ রয়েছে। প্রায়ই এই টমটমগুলোর কারণে বিভিন্ন দুর্ঘটনাও ঘটছে। এ ব্যাপারে পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র দিলীপ দাসের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, পৌর এলাকায় ১২শ টমটম চলাচলের অনুমতি দেওয়া হয়েছে; কিন্তু তা লঙ্ঘন করে কয়েকগুণ বেশি টমটম চলাচল করায় যানজট ও দুর্ঘটনা ঘটছে। তিনি বলেন, জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী নির্ধারিত সময়ে ট্রাক-ট্রাক্টর চলাচলের ব্যাপারে বিধি-নিষেধ রয়েছে; কিন্তু চালকরা তা না মানায় বিষয়টি পুনরায় আইন-শৃঙ্খলা কমিটির সভায় উত্থাপন করা হবে —ইত্তেফাক
