ময়মনসিংহের নান্দাইল উপজেলার গাঙ্গাইল ইউনিয়নের কান্দিউড়া রেজিস্ট্রি প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষিকা বখাটের হাতে শ্লীলতাহানির ঘটনার প্রতিবাদে গতকাল বুধবার এক মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। প্রকাশ, কান্দিউড়া বানীপাড়া এলাকায় বখাটে সাইফুল ইসলাম (২৫) শিক্ষিকার পথরোধ করে জনৈক আব্দুল খালেকের বাড়িতে নিয়ে শ্লীলতাহানি করে। মানববন্ধন শেষে উপজেলা পরিষদের সামনে বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মাজহারুল ইসলাম, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম খান নাসিম, বেসরকারি শিক্ষক সমিতির সভাপতি খায়রুল ইসলাম, প্রধান শিক্ষক আব্দুর রাশিদ, মিলি আক্তার, শাহিদা ইয়াসমিন, আমিনুল ইসলাম আঞ্জু, জাকির আহম্মেদ তুহিন প্রমুখ। শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আব্দুল হামিদ মিয়ার কাছে স্মারকলিপি প্রদান করা হয়।
