নিজ দেশে ট্রেড ইউনিয়ন বন্ধ করে দিয়ে বাংলাদেশে চালুর জন্য চাপ দেয়ায় যুক্তরাষ্ট্রের সমালোচনা করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। সৈয়দ আশরাফ বলেছেন, ‘আমাদের সংবিধানে ট্রেড ইউনিয়ন চালুর অধিকার দেয়া আছে। সরকারের পক্ষ থেকে চালুর বিষয়ে নিষেধাজ্ঞা নেই। নাম উল্লেখ না করে তিনি বলেন, একটি দেশ লম্ফ-ঝম্ফ করে। অথচ তাদের দেশে ধীরে ধীরে তা বন্ধ করে দিচ্ছে। তাদের ২৬টি প্রদেশে ট্রেড ইউনিয়নের অধিকার নেই। নতুন করে মিশিগানেও তা বন্ধ করে দিতে যাচ্ছে। আর তারা আমাদের দেশে এসে ট্রেড ইউনিয়ন চালুর কথা বলে। আগে আপনাদের দেশে চালু করুন। তারপর আমাদের দেশে চালুর কথা বলুন।’
গতকাল বুধবার রাজধানীর আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিজিএমইএ আয়োজিত বাটেক্সপোর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত যুক্তরাষ্ট্র বাংলাদেশে ট্রেড ইউনিয়ন চালুর ব্যাপারে চাপ অব্যাহত রেখেছে। বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান মজীনা বিভিন্ন সময় ট্রেড ইউনিয়ন চালুর তাগিদ দেন। সম্প্রতি বাংলাদেশ সফরকালে যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী রবার্ট ব্লেক তাজরীন দুর্ঘটনার কথা স্মরণ করিয়ে দিয়ে বিজিএমইএ সভাপতিকে ট্রেড ইউনিয়ন চালুর তাগিদ দেন।
সৈয়দ আশরাফুল ইসলামের আগে নৌ মন্ত্রী শাজাহান খান ট্রেড ইউনিয়ন চালুর যৌক্তিকতা তুলে ধরেন। তিনি বলেন, পোশাক শিল্পে শ্রমিকদের ট্রেড ইউনিয়ন চালু হলে উত্পাদনশীলতা আরো বাড়বে। বিজিএমইএ সভাপতি সফিউল ইসলাম মহিউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, বস্ত্র ও পাটমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী, বাণিজ্যমন্ত্রী জি এম কাদের, বিজিএমইএর সহ-সভাপতি নাসির উদ্দিন চৌধুরী, সিদ্দিকুর রহমান প্রমুখ।
